চলনবিলের ঢেউয়ে ভাঙছে নির্মাণাধীন সড়ক
দুই পাশে সঠিকভাবে ঢালু (স্লপ) না রাখায় এবং আরসিসি ব্লক না ফেলায় বিলের পানির ঢেউয়ের আঘাতে নির্মাণাধীন লাহিড়ীমোহনপুর-বেতকান্দি সড়কটি ভেঙে যাচ্ছে। এতে সরকারের বিপুল অর্থ গচ্ছা যাচ্ছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলাবাসীর চলাচলে সুবিধার জন্য সড়কটি নির্মাণ করা হচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লাহিড়ীমোহনপুর, উধুনিয়া ও বড়পাঙ্গাসী ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘদিন ধরে সরকারের কাছে চলন বিলের মধ্য দিয়ে যাওয়া কাঁচা রাস্তাটি বন্যামুক্ত উচ্চতায় পাকা করার দাবি জানিয়ে আসছিল। এ দাবির পরিপ্রেক্ষিতে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ২০০৭ সালে ১২ ফুট উঁচু আর ২৪ ফুট প্রস্থ রেখে রাস্তাটি পাকাকরণের কাজ শুরু করে। ২০১০ সালে এর চার কিলোমিটার অংশ পাকা করার কাজ শেষ হয়। এতে তিন কোটি টাকার বেশি ব্যয় হয়।সওজের উল্লাপাড়া উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০-২০১১ অর্থবছরে ওই সড়কেরই চকখাদুলী থেকে বেতকান্দি পর্যন্ত অবশিষ্ট চার কিলোমিটার অংশ পাকাকরণের জন্য আরও দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এ কাজ বাস্তবায়নের দায়িত্ব পান চারজন ঠিকাদার। এসব ঠিকাদার এই চার কিলোমিটারের মধ্যে উধুনিয়া বাজার পর্যন্ত তিন কিলোমিটার অংশ পাকা করার কাজ ইতিমধ্যে শেষ করেছেন। বাকি অংশের কাজ চলছে।কিন্তু এ চার কিলোমিটার নির্মাণের পরিকল্পনায় দুই পাশে ঢালু আরসিসি ব্লক ম্যাটরেসিং (জিওটেক্সটাইল ফেলে তার ওপর আরসিসি ব্লক স্থাপন) করার বিষয়টি রাখা হয়নি। এ কারণে এ অংশের দুই পাশ চলন বিলের পানির প্রবল ঢেউয়ের আঘাতে ভেঙে যাচ্ছে।সরেজমিনে দেখা গেছে, ঠিকাদারেরা বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। মিঠু মোহাম্মদ, আলী আশরাফ, আবদুর রহমানসহ স্থানীয় লোকজন জানান, যেভাবে ভাঙছে তাতে আগামী দু-এক সপ্তাহের মধ্যে রাস্তার বাকি অংশ বিলীন হয়ে যেতে পারে। ভাঙন ঠেকাতে তাঁরা সওজের কাছে সড়কের দুই পাশে আরসিসি ব্লক ম্যাটরেসিং করার আবেদন জানিয়েছেন।সওজের উল্লাপাড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম জানান, চলন বিলের মধ্য দিয়ে যাওয়া রাস্তা নির্মাণের শুরুতে এর দুই পাশের ঢালুতে আরসিসি ব্লক ম্যাটরেসিং না করা হলে কখনো এ রাস্তা বিলের ঢেউয়ের আঘাত থেকে রক্ষা করা সম্ভব নয়। সওজের ঢাকা কার্যালয় থেকেই বাকি চার কিলোমিটার নির্মাণের পরিকল্পনায় ব্লক ম্যাটরেসিংয়ের বিষয়টি রাখা হয়নি। এতে সরকারি অর্থ গচ্ছা যাচ্ছে।