চলনবিলের নাটোরে বিঘায় ৩৮ থেকে ৪০ মণ ভুট্টার ফলন

দুই দফা বন্যার পর শস্যভান্ডার-খ্যাত নাটোরের সিংড়া উপজেলার চলনবিল অংশে এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে। দামও ভালো। তাই বন্যার ক্ষতি পুষিয়ে নিতে পেরে খুশি কৃষকেরা।
সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর—এই তিনটি জেলার প্রায় নয়টি উপজেলায় অনেকগুলো ছোট ছোট বিলের সমষ্টি চলনবিল বিস্তৃত।
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ডাহিয়া, ইটালি, তাজপুর ও শেরকোল ইউনিয়নে সবচেয়ে বেশি ভুট্টার আবাদ হয়েছে। যার মধ্যে প্রফেট, এসকে ৪০, প্যাসিফিক, মুকুট, এলিট, সুপার ফাইন জাতের ভুট্টার আবাদ বেশি হয়েছে। এ ছাড়া চৌগ্রাম, হাতিয়ানদহ, চামারী ও লালোর ইউনিয়নে ভুট্টার আবাদ হয়েছে। বিঘাপ্রতি ৩৮ থেকে ৪০ মণ ভুট্টার ফলন পাওয়া যাচ্ছে। চলনবিলে উৎপাদিত এসব ভুট্টা প্রতিদিন ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। তবে গত বছর দুই দফা বন্যা ও বন্যা-পরবর্তী সময়ে পানি নামতে দেরি হওয়ায় অনেক কৃষক ভুট্টার আবাদ করতে পারেননি। এ কারণে গত বছরের তুলনায় এবার উপজেলায় ভুট্টার আবাদ কম হয়েছে।
উপজেলার কৃষি অফিস জানিয়েছে, গত বছরের তুলনায় এবার প্রায় অর্ধেক জমিতে ভুট্টার আবাদ হয়েছে। এ বছর উপজেলায় ১ হাজার ৯৭৬ একর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। গত বছর ২ হাজার ৪৭০ একরেরও বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছিল।

উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, চলনবিলের সিংড়া উপজেলার কৃষকেরা বোরো ধানের পাশাপাশি গত কয়েক বছর ধরে ভুট্টার আবাদ করছেন। প্রাকৃতিক দুর্যোগ ভুট্টা আবাদের ওপর তেমন প্রভাব ফেলে না। সার, তেলসহ অন্যান্য খরচ কম হওয়ার কারণে ভুট্টা চাষে কৃষকেরা দিনদিন আগ্রহী হয়ে উঠছেন। এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে বলে তিনি জানান।
উপজেলার দুড়মল্লিকা গ্রামের ভুট্টাচাষি মহাজুল ইসলাম বলেন, প্রতিবছর প্রায় ৪০ বিঘা জমিতে তিনি ভুট্টার আবাদ করেন। গত বছরের তুলনায় এবার ভুট্টার দাম বেশি পাচ্ছেন তাঁরা। এ বছর বাজারে কাঁচা ভেজা ভুট্টা প্রতি মণ ৫১০ থেকে ৫২০ টাকা দরে বিক্রি হচ্ছে। শুকনো ভুট্টা প্রতি মণ ৭৮০ থেকে ৮৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। শুকনো ভুট্টা প্রতি মণ ৯০০ থেকে ১০০০ টাকায়ও বিক্রি হচ্ছে।
মহাজুল ইসলাম জানান, গত বছর কাঁচা ভেজা ভুট্টা প্রতি মণ ৪২০ থেকে ৫০০ টাকা ও শুকনো ভুট্টা প্রতি মণ ৬৫০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হয়েছিল। প্রতি বিঘা জমিতে ভুট্টার আবাদে সার, তেল, কীটনাশক বাবদ আট থেকে দশ হাজার টাকা খরচ হয়েছে। আর প্রতি বিঘায় উৎপাদিত ভুট্টা বিক্রি হচ্ছে প্রায় ২০ হাজার টাকায়।