চলনবিলের মাছ রক্ষায় এবার গ্রাম পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষায় পানিতে ভরপুর চলনবিল। আজ গুরুদাসপুর থেকে তোলা। ছবি: প্রথম আলো
বর্ষায় পানিতে ভরপুর চলনবিল। আজ গুরুদাসপুর থেকে তোলা। ছবি: প্রথম আলো

এখন থেকে চলনবিলে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের পাশাপাশি গ্রাম পুলিশও কাজ করবে। নাটোরের গুরুদাসপুর উপজেলায় আজ মঙ্গলবার গ্রাম পুলিশদের এক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন ওই উদ্যোগের কথা জানান।

মাছের প্রজনন মৌসুমে চলনবিলের নদ-নদী ও বিল, জলাশয়ে যথেচ্ছ পোনা ও মা মাছ শিকার হচ্ছে। একশ্রেণির মানুষ নিষিদ্ধঘোষিত বাদাই, কারেন্ট ও সোঁতিজাল পেতে এসব মাছ বাণিজ্যিকভাবে শিকার করে থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বর্ষায় চলনবিল ও তার উপকণ্ঠের নদ-নদী, জলাশয়গুলোতে থইথই পানি থাকে। এসব পানিতে পাওয়া যায় নানা প্রজাতির দেশীয় মাছ। একটি চক্র নানা পন্থায় নির্বিচারে এসব মাছ শিকার করে আর্থিকভাবে লাভবান হয়ে থাকে। পক্ষান্তরে চলনবিল অঞ্চলের প্রায় ১০ লাখ মানুষ মাছ খাওয়ার অধিকার থেকে কমবেশি বঞ্চিত থাকেন।
সবার জন্য আমিষ নিশ্চিত করতে চলনবিলের গুরুদাসপুর উপজেলা এলাকায় কর্মরত ৬৩ জন গ্রাম পুলিশ সক্রিয়ভাবে মাঠে থাকবে। তারা নিষিদ্ধঘোষিত জাল-সোঁতিজাল দিয়ে মাছ শিকারিদের তথ্য প্রশাসনকে নিশ্চিত করবে। পাশাপাশি গ্রাম পর্যায়ে পোনা ও মা মাছ শিকার বন্ধে সচেতনতামূলক কাজ করবে।

চলনবিলে সাঁতার কেটে ফিরছে হাঁস। ছবি: প্রথম আলো
চলনবিলে সাঁতার কেটে ফিরছে হাঁস। ছবি: প্রথম আলো

এ ছাড়া অবৈধভাবে মাছ শিকার বন্ধে ইতিমধ্যে উপজেলার চিহ্নিত মাছ শিকারিদের (যাঁরা সোঁতিজাল দিয়ে মাছ শিকার করেন) বাড়ি বাড়ি গিয়ে প্রশাসনের পক্ষ থেকে সচেতন করাসহ উপজেলা সদরে ডেকে এনে মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় ও সচেতনতামূলক বৈঠকও করা হয়েছে। বছরজুড়ে যাতে মাছ খাওয়া যায়, সে জন্য খাঁচায় মাছ চাষের কথাও ভাবছে উপজেলা প্রশাসন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নাটোরের গুরুদাসপুর, বড়াইগ্রাম, সিংড়া সিরাজগঞ্জের তাড়াশ, পাবনার চাটমোহর উপজেলার চলনবিলের নতুন পানিতে মাছের বিচরণকে ঘিরে একটি চক্র রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় থেকে মাছ শিকার করে থাকে।