চলনবিলের শুঁটকি ব্যবসায়ী ও উৎপাদনকারীরা দুর্ভোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরা মৌসুমে টানা অবরোধে চলনবিলে মাছের শুঁটকি উৎপাদনকারী ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। সংরক্ষণাগারে নিতে না পারায় তাঁরা শুঁটকি রাখতে পারছেন না। আবার সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে তা বাজারজাত করতেও পারছেন না। শত শত ব্যবসায়ীসহ সাধারণ মৎসজীবীরা পর্যন্ত লোকসানে বিপর্যস্ত হয়ে পড়ছেন।
নাটোর-বগুড়া মহাসড়ক হয়ে সিংড়ার শেরকোল এলাকায় ঢুকলেই চোখে পড়ে চলনবিলের বিস্তীর্ণ জলরাশি। নভেম্বরের মাঝামাঝি থেকে বিলের পানি কমতে থাকায় ঘরে ঘরে বিলের নানা জাতের মাছ শুঁটকি করার কাজ শুরু হয়। সাধারণ মানুষের পাশাপাশি ক্ষুদ্র মৎস্যজীবী ও ব্যবসায়ীরাও বাণিজ্যিকভাবে শুঁটকি উৎপাদন করেন।
গত মঙ্গলবার সকালে নাটোর-বগুড়া মহাসড়ক হয়ে সিংড়া পৌর এলাকায় ঢুকতেই হাতের বাঁয়ে (নেংগুইন) বিশাল এলাকাজুড়ে মাছ শুঁকাতে দেখা গেল। পুঁটি, টেংরা, কাটা ফাতাসি, বোয়াল, শোল, আইকোর, চেলা, টাকি ও চাঁদা মাছ সারি সারি বাঁশের চালায় বিছিয়ে রাখা হয়েছে। চালার পাশে বানানো ছাউনিতে রয়েছে শুঁটকি মাছভর্তি বস্তা আর বস্তা। নারী, পুরুষের পাশাপাশি বাচ্চারাও মাছ শুকানোর কাজে যোগ দিয়েছে। কিন্তু কারও মুখে হাসি নেই, স্বস্তি নেই কারও চেহারায়।
শুঁটকি ব্যবসায়ী সানোয়ার হোসেন বলেন, ‘চলনবিলে প্রতিদিন অন্তত এক কোটি টাকার মাছ শুঁটকি করা হয়। অন্য সময় প্রতিদিন সন্ধ্যায় এসব শুঁটকি আমরা বিক্রির উদ্দেশ্যে বাস ও ট্রাকে করে ঢাকা, সিলেট, রংপুর, দিনাজপুর ও রাজশাহীতে পাঠাতাম। কিন্তু টানা অবরোধ ও হরতালে এক মাস ধরে শুঁটকি অন্য কোথাও পাঠাতে পারিনি। ঘরে ফেলে রাখায় এসব শুঁটকির গুণগত মান নষ্ট হচ্ছে। পরে আর দাম পাওয়া যাবে না।’ ব্যবসায়ী আরও বলেন, ‘গত এক মাসে শুধু আমার নিজের তিন লাখ টাকা লোকসান হয়েছে। চলনবিলে আমার মতো পাঁচ শতাধিক ব্যবসায়ী আছেন। তাঁদেরও একই অবস্থা।’
সিরাজগঞ্জের তাড়াশ এলাকার শুঁটকি আড়তের মালিক আনছার আলী বলেন, ‘চলনবিলের হাজার হাজার মানুষ শুঁটকি তৈরি ও বেচাকেনার সঙ্গে জড়িত। তবে ওই অঞ্চলে শুঁটকি সংরক্ষণের কোনো হিমাগার নেই। এলাকাবাসীও কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার না করে শুধু লবণ মিশিয়ে রোদে শুকিয়ে শুঁটকি করে। তাই এসব শুঁটকি বেশি দিন ঘরে রাখা যায় না। আমরা প্রতিদিনের সংগ্রহ করা শুঁটকি প্রতি সপ্তাহে বিভিন্ন স্থানে বাজারজাত করি। হরতাল-অবরোধে কয়েক সপ্তাহ ধরে তা করতে পারছি না। নিরূপায় হয়ে আমরাও শুঁটকি কিনছি না।’
নাটোর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আব্দুদ দাইয়ান জানান, কিছুদিন ধরে পরিবহন সমস্যায় এখানকার শুঁটকি বাইরে যেতে পারছে না। ফলে এর সঙ্গে জড়িত লোকজন লোকসান গুনছেন।