চলনবিলের ৬৩ হাজার হেক্টর জমি একফসলি!
বাঘাবাড়ী-নিমাইচড়া ৫৪ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ সংস্কার না করায় পাবনা ও সিরাজগঞ্জের সাতটি উপজেলার প্রায় ৬৩ হাজার হেক্টর আবাদি জমি একফসলি হয়ে গেছে। বাঁধের রাউতারা এলাকার রিং বাঁধ সংস্কারের নামে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয় করলেও স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।সিরাজগঞ্জ পাউবো সূত্রে জানা গেছে, জেলার শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ ও রায়গঞ্জ এবং পাবনার ফরিদপুর, ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলার ৬২ হাজার ৭৯৪ হেক্টর এলাকা নিয়ে ‘সিরাজগঞ্জ সমন্বিত পল্লী উন্নয়ন প্রকল্প’ গঠন করা হয়। এ প্রকল্পের আওতায় পাউবো ৪৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ১৯৭৭-৭৮ থেকে শুরু করে ১৯৯০-৯১ অর্থবছর সময়ে শাহজাদপুরের বাঘাবাড়ী মিল্কভিটা থেকে বড়াল নদের উত্তর পাড় দিয়ে তাড়াশের নিমাইচড়া পর্যন্ত দুটি অংশে ৫৪ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে। এই বাঁধের পানিনিষ্কাশনের জন্য ২৪টি ফার্ম ইনলেট নির্মাণ করা হয়। প্রকল্পটির উদ্দেশ্য ছিল বন্যানিয়ন্ত্রণ, পানিনিষ্কাশন ও সেচ সুবিধা প্রদান। কিন্তু প্রকল্পটি বাস্তবায়নের পর ওই বছরেই ভয়াবহ বন্যায় বাঁধের বিভিন্ন অংশ ভেঙে যায়।এরপর বন্যানিয়ন্ত্রণ বাঁধের রাউতারায় প্রায় দেড় হাজার মিটার এলাকায় স্বল্প উচ্চতার একটি রিং বাঁধ নির্মাণ করা হয়। এই রিং বাঁধ সংস্কারের জন্য প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয় করা হলেও পাউবো এখন পর্যন্ত স্থায়ী সমাধানের ব্যবস্থা করেনি। বন্যার সময় পানিনিষ্কাশনে বেশি সময় লাগায় বাঁধের ভেতরের জমিতে বোরো ধান ছাড়া অন্য কোনো ফসল আবাদ করা যাচ্ছে না।সরেজমিনে চলনবিলের গো-খামার মালিক ও কৃষকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বাঁধের অভ্যন্তরে দুটি জেলার প্রায় ৬৩ হাজার হেক্টরে সহস্রাধিক গো-খামার ও কৃষিজমি রয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর লক্ষাধিক গবাদি প্রাণী তিন-চার মাস এ জায়গায় অবস্থান করতে পারে। এসব খামার থেকে প্রতি সপ্তাহে প্রায় চার কোটি টাকার উৎপাদিত দুধ মিল্কভিটায় সরবরাহ করা হয়ে থাকে।খামার মালিক আবদুস সামাদ জানান, প্রতিবছর বন্যার পানিতে তলিয়ে থাকায় গো-খাদ্যের অভাব দেখা দেয়। গাভীগুলো তিন মাস উন্মুক্ত গো-চারণভূমিতে রাখা গেলে দুধের উৎপাদন আরও বাড়ত।রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. নিজামুল হক ভূঁইয়া জানান, সিরাজগঞ্জ সমন্বিত পল্লী উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন অকার্যকর থাকায় দেশি-বিদেশি চারটি সংস্থা যৌথভাবে চলনবিল এলাকায় তিন-চার বছর জরিপ চালায়। এরপর চলতি বছর ‘চলনবিল সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা ও বিল হালটি উন্নয়ন প্রকল্প’ নামে নতুন প্রকল্প তৈরি করা হয়। এতে প্রকল্প এলাকার সীমা বৃদ্ধি করে চার লাখ ২২ হাজার ৫৬০ হেক্টর আয়তন নির্ধারণ করা হয়। আরও স্লুইসগেট ও রেগুলেটর নির্মাণসহ বন্যানিয়ন্ত্রণ বাঁধ সংস্কার করতে ৩৩৬ কোটি ৩১ লাখ ৯২ হাজার টাকার একটি প্রকল্প পাউবোর কাছে দাখিল করা হয়েছে। এটি বাস্তবায়ন করা হলে এ এলাকা বন্যা থেকে মুক্তি পাবে এবং অধিক খাদ্য উৎপাদনসহ অর্থনৈতিকভাবে লাভবান হবে।সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা বলেন, প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ে পরীক্ষাধীন রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হলে প্রতিবছর রিং বাঁধ সংস্কারের নামে অতিরিক্ত টাকা খরচ হবে না।