চলনে-বলনে ভদ্রলোক আসলে প্রতারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার দুপুর আনুমানিক ১২টা। জয়পুরহাটের কালাই বাসস্ট্যান্ড এলাকা থেকে নিজেকে ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে দুটি ভ্যান ভাড়া করেন স্যুট-টাই পরা এক ব্যক্তি। ভ্যান দুটি নিয়ে তিনি যান পৌরভবন-সংলগ্ন একটি ফোমের দোকানে। সেখানে দশটি ফোম কেনেন। মিষ্টি কিনে ফেরার পথে দোকানিকে গদির টাকা দেবেন—এমন কথা বলে এক ভ্যানচালককে ওই দোকানে বসিয়ে রাখেন। এ সময় মানিব্যাগ বের করে বেশ কিছু এক হাজার টাকার নোট নাড়াচাড়া করেন। ভাঙতি নেই এমন কথা বলে ওই দোকানের কর্মচারী শহীদুল ইসলামের কাছ থেকে ৫০০ টাকা ধারও নেন তিনি।এরপর অপর ভ্যানচালক হাবিবুলকে নিয়ে শহরের ‘দইঘর’ নামের মিষ্টি বিপণিতে যান। ভ্যানচালককে নিয়ে প্রথমে মিষ্টি-চা খান। দেড় শ টাকা কেজি দরে ১০ কেজি মিষ্টির অর্ডার দেন তিনি। এই ফাঁকে নিজের মোবাইল ফোনে টাকা নেই—এমন কথা বলে হাবিবুলের নকিয়া-১২০২ মডেলের মোবাইল ফোনের সেটটি নিয়ে তিনি কথিত এক ভাগ্নির সঙ্গে কথা বলেন। মিষ্টি প্যাকেট করা হয়ে গেলে তিনি সেখান থেকে মিষ্টির দুটি প্যাকেট নিয়ে একটু আগে কথা বলা সেই ভাগ্নিকে দিতে বিপণির বাইরে যান। রেখে যান ভ্যানচালক হাবিবুলকে। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে আসেননি। ভ্যানচালক হাবিবুলের সেই মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।অবশেষে ভ্যানচালক হাবিবুল, মিষ্টির দোকানি জাহিদুল ইসলাম, ফোম দোকানের কর্মচারী শহীদুলসহ সবাই বুঝতে পারেন ওই ব্যক্তি আসলে কোনো ব্যাংক কর্মকর্তা নন, সুচতুর প্রতারক। ভ্যানচালক হাতিয়র গ্রামের হাবিবুল ইসলাম বলেন, ‘চেহারা-পোশাক দেখে তাকে ভদ্র ভেবেছিলাম। তাই মোবাইল ফোনের সেটটি দিয়েছিলাম। সেটি নিয়ে চম্পট দেবে তা ভাবতেও পারিনি।’ ফোম দোকানের কর্মচারী শহীদুল ইসলাম বলেন, ‘তাঁকে উপজেলায় যোগদান করা কোনো অফিসের কর্মকর্তা ভেবেছিলাম। একজন ভ্যানচালককে দোকানে বসিয়ে রাখায় তাঁকে বাকিতে ফোম ও ৫০০ টাকাও দিয়েছিলাম।’ দইঘরের জাহিদুল ইসলাম বলেন, ‘প্যাকেট করা ১০ কেজি মিষ্টির মধ্যে থেকে তিনি দুই কেজি নিয়ে ভাগ্নিকে দিতে যান এবং বলেন ফিরে এসে মিষ্টির টাকা দিয়ে দেবেন। বাকি আট কেজি মিষ্টি টেবিলে বসে থাকা ওই ভ্যানচালকের সামনে ছিল। ভ্যানচালক পরিচিত হওয়ায় তাকে সদ্য যোগদান করা কোনো অফিসার ভেবেছিলাম।’