
চট্টগ্রামে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে এর চালক মারা গেছেন। গুরুতর দগ্ধ হয়েছেন অটোরিকশার দুই যাত্রী। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে নগরের ষোলশহরের বেবি সুপার মার্কেটের সামনের এলাকায় চলন্ত অবস্থায় সিএনজিচালিত অটোরিকশায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ দুই যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে। তাঁদের শরীরের প্রায় শতভাগ পুড়ে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন। নিহত চালকের পরিচয় জানা যায়নি। অগ্নিদগ্ধ দুই যাত্রী হলেন মো. আবদুল আমিন (৫০) ও তাঁর ছেলে মো. আবদুর রহিম (২৫)। তাঁদের বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায়। মো. আবদুর রহিম আনসার সদস্য।
গতকাল কী কারণে চলন্ত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে সে বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারেনি পুলিশ। পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) খোন্দকার মো. আবদুল মোতালেব প্রথম আলোকে বলেন, সিলিন্ডার বিস্ফোরণের পর অটোরিকশায় আগুন ধরে যায়। এতে চালক অটোরিকশার ভেতরে আটকা পড়ে মারা যান। পুড়ে যাওয়া অটোরিকশাটি থানায় নিয়ে আসা হয়েছে। গাড়ির নম্বরপ্লেট ধরে মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১০ এপ্রিল নগরের খুলশী এলাকায় সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে একটি কার (ব্যক্তিগত গাড়ি) দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় তিন ব্যক্তি আহত হন।
সিলিন্ডার বিস্ফোরণের বিষয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক বদিউস সালাম প্রথম আলোকে বলেন, প্রতিটি সিলিন্ডারে খুবই উচ্চচাপে গ্যাস ঢোকানো হয়। যদি সিলিন্ডারটি নিম্নমানের হয়, এতে যদি ফাটল থাকে, তাহলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। প্রতিটি সিলিন্ডারের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে, মেয়াদ শেষ হয়ে গেলে গাড়ির মালিকের অবশ্যকর্তব্য এটি পরীক্ষা করিয়ে নেওয়া। এ ছাড়া প্রতিবছর বিআরটিএর কাছ থেকে গাড়ির ফিটনেস সনদ নিতে হয়। বিআরটিএর (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) উচিত সিলিন্ডারের মেয়াদের বিষয়ে তদারক করা।
অবশ্য বিআরটিএর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. তৌহিদুল হোসেন বলেন, যে কোম্পানি থেকে গ্যাস সিলিন্ডার নেওয়া হয়, তারাই এর মেয়াদ ও মানের বিষয়ে সনদ দেয়। সিলিন্ডারগুলোর মেয়াদ তিন থেকে পাঁচ বছর হয়। মেয়াদ থাকা অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়িত্ব সংশ্লিষ্ট কোম্পানির। আর মেয়াদ শেষ হয়ে গেলে গাড়ির মালিকের সে বিষয়টি খেয়াল রাখা উচিত।
গতকাল বিকেলে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, সারা শরীরে ব্যান্ডেজ মোড়ানো অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছেন আহত বাবা-ছেলে। বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এস খালেদ জানান, আহত দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।