চলন্ত অটোরিকশায় ভেঙে পড়ল গাছ, প্রাণ গেল দুজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনের পাশ দিয়ে যাত্রী নিয়ে যাচ্ছিল সিএনজিচালিত একটি অটোরিকশা। হঠাৎই টিলার ওপর থেকে একটি গাছ ভেঙে পড়ে ওই অটোরিকশার ওপর। এতে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের নুরজাহান এলাকার শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার যাত্রী শ্রীমঙ্গলের সবুজবাগ এলাকার চম্পা দেব (৩০) ও সন্ধানী আবাসিক এলাকার কেয়া পাল (২৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কমলগঞ্জ থেকে যাওয়ার পথে জাতীয় উদ্যানের নুরজাহান এলাকায় হঠাৎ করেই টিলা থেকে একটি গাছ অটোরিকশার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থল চম্পা ও কেয়া নিহত হন। আহত হয় আরও তিনজন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে আহত ব্যক্তিদের দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় সহকারী বনসংরক্ষক মো. তবিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।