চলন্ত গাড়ি থেকে যাত্রীকে নিক্ষেপের অভিযোগ
গাজীপুরে চলন্ত গাড়ি থেকে এক ব্যক্তিকে ফেলে দিয়ে তাঁর কাছ থেকে টাকা ও মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার খন্দকার আলম হোসেন (৩৫) চারজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেছেন। আলম হোসেন অভিযোগ করেন, যাত্রীবেশী ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে ঢাকা-ময়মনসিংহ সড়কে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়েছে। পেছনের গাড়ির যাত্রীরা ঘটনাটি টের পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে দুজনকে ধরে ফেলেন। গতকাল দুপুরে সদর উপজেলার রাজেন্দ্রপুরে এ ঘটনা ঘটে।আলম বলেন, তিনি রাজেন্দ্রপুরে যাওয়ার জন্য চান্দনা চৌরাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি প্রাইভেট কার এসে সামনে দাঁড়ায় এবং চালক ৫০ টাকা ভাড়ায় তাঁকে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। তিনি গাড়িতে ওঠেন। এ সময় গাড়িতে যাত্রীবেশী আরও তিনজন বসা ছিলেন। তিনি বলেন, গাড়িটি রাজেন্দ্রপুর চৌরাস্তা অতিক্রম করার পর তাঁরা অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর ২২ হাজার ৯৫ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন। পরে তাঁকে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে গাড়ি দ্রুত ঘুরিয়ে ঢাকার দিকে রওনা দেন। ছিনতাইয়ের ঘটনা টের পেয়ে অপর একটি প্রাইভেট কারের আরোহীরা পিছু নেন। পরে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে বাংলাবাজার এলাকায় গাড়িসহ দুজনকে জনতা আটক করে।