চলন্ত গাড়িতে ধর্ষণ: জড়িতদের শাস্তি দাবি নারী সংহতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গত মঙ্গলবার রাতে চলন্ত মাইক্রোবাসে পোশাকশ্রমিককে ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে বিপ্লবী নারী সংহতি। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

যৌথ বিবৃতিতে সংগঠনটির সমন্বয়ক শ্যামলী শীল ও সহসমন্বয়ক তাসলিমা আখতার বলেন, ‘ঘরে-বাইরে নারীদের নিরাপত্তা দিতে রাষ্ট্র চরম ব্যর্থ হচ্ছে। পুরুষতান্ত্রিক এই রাষ্ট্র নারীর নিরাপত্তার প্রশ্নে উদাসীন। শাস্তির বদলে ধর্ষক-নিপীড়কেরা সরকারি ক্ষমতায় আশ্রয়-প্রশ্রয়ে ছাড়া পেয়ে যাচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘দেশের অর্থনীতিতে পোশাকশিল্পে কর্মরত নারীশ্রমিকেরা অবদান রেখে যাচ্ছেন। তা সত্ত্বেও তাঁরা সব ক্ষেত্রে নিপীড়িত-বঞ্চিত। এমনকি তাঁদের নিরাপদে চলাফেরার নিশ্চয়তাও নেই।’ এ ঘটনায় অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়।