চলন্ত গাড়িতে পুলিশের চাঁদাবাজির সময় দুর্ঘটনা!

চলন্ত গাড়িতে ট্রাফিক পুলিশের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এটা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে একটি অটোরিকশা। এতে গাড়িটির চালক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী শহরের সিপাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের ওই সদস্যের নাম আবদুল হামিদ। তিনি রাজশাহী মহানগর ট্রাফিক পুলিশের কনস্টেবল।
আহত অটোরিকশাচালক মাহাবুবুর রহমানের (২৮) ভাষ্য অনুযায়ী, শহরের মালোপাড়া এলাকায় বেলা একটার দিকে ট্রাফিক পুলিশের কনস্টেবল আবদুল হামিদ তাঁর গাড়িটি আটকে কাগজপত্র দেখতে চান। তিনি গাড়ির মালিক নন জানিয়ে বলেন, মালিকের কাছে কাগজপত্র রয়েছে। তাঁর নাম সোহেল রানা। বাড়ি নওহাটায়। এরপর ওই পুলিশ সদস্য গাড়িতে উঠে চণ্ডীপুর এলাকায় অবস্থিত মহানগর ট্রাফিক পুলিশের কার্যালয়ে নিয়ে যেতে বলেন। তিনি তাঁর পাশেই বসেন। সিপাইপাড়া এলাকায় যাওয়ার পর কনস্টেবল প্রস্তাব দেন, তিন হাজার টাকা দিলে তিনি গাড়িটি ছেড়ে দেবেন। কিন্তু নিজে গাড়ির মালিক না হওয়ায় তিনি এই টাকা দিতে চাননি।
চালক মাহাবুব বলেন, এ কথা শুনে পুলিশ সদস্য তাঁর গাড়ির বাক্সে রাখা টাকা বের করে নেন। পরে তাঁর পকেটে হাত দেন। এ সময় তিনি (চালক) এক হাতে গাড়ির হাতল ধরে আরেক হাতে পুলিশের হাত চেপে ধরেন। এটা করতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন গাড়ি গিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। তাতে তাঁর পা জখম হয়ে রক্ত ঝড়তে থাকে। দুর্ঘটনা দেখে পেছন থেকে কয়েকটি অটোরিকশা এসে দাঁড়ায়। সেগুলোর যাত্রীরা রাস্তায় নেমে যান।
মাহাবুব বলেন, অবস্থা বেগতিক দেখে কনস্টেবল সড়ক বিভাজক টপকে পালাতে চেষ্টা করেন। তখন কয়েকজন যাত্রী তাঁকে ধাওয়া করেন। কিন্তু আরেকটি অটোরিকশায় উঠে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। পরে যাত্রীরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশ তাঁর অটোরিকশাটি আটক করে নিয়ে গেছে।
কনস্টেবল আবদুল হামিদ বলেন, তিনি চালকের কাছ থেকে টাকা নিতে যাননি। চালক নিজের থেকেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটান। তাহলে দুর্ঘটনার পর গাড়ি ফেলে পালিয়ে গেলেন কেন, এমন প্রশ্নে তিনি বলেন, এটা তাঁর ভুল হয়েছে।
জানতে চাইলে ট্রাফিক পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গাড়িটির কাগজের মেয়াদ এক বছর আগেই উত্তীর্ণ হয়ে গেছে। কাগজ নবায়ন করে আনলে গাড়ি ফেরত দেওয়া হবে। কনস্টেবলের চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, কনস্টেবল তো গাড়ি ধরতেই পারে না। তারপরও চালকের কাছ থেকে একটি অভিযোগ নেওয়া হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।