চলন্ত ট্রাকে গণধর্ষণ: চালক ও সহকারী রিমান্ডে
গাজীপুর থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে চলন্ত ট্রাকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ট্রাকচালক ও তাঁর সহকারীকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফতাবুজ্জামানের আদালতে ট্রাকচালক মেহেদি হাসান ও তাঁর সহকারী তুহিনকে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে ওই কিশোরীকে শারীরিক পরীক্ষা করতে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. সোহেল রানা বলেন, ধর্ষণের মামলায় আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেল চারটার দিকে ওই কিশোরী তার মায়ের সঙ্গে অভিমান করে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাড়ি থেকে বের হয়ে যায়। রাত আটটার দিকে চৌরাস্তা এলাকায় ঘোরাফেরা করার সময় ট্রাকচালকের সহকারী তুহিন তাকে নানা বিষয় জিজ্ঞেস করেন। একপর্যায়ে কিশোরীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মালবাহী ট্রাকে তুলে নেন। পথে ট্রাকের চালক ও তাঁর সহকারী কিশোরীকে কয়েক দফা ধর্ষণ করেন। গতকাল বুধবার ভোরে সিদ্ধিরগঞ্জ এলাকায় ট্রাক থেকে কিশোরীর কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এ সময় চালক ও তাঁর সহকারী কিশোরীকে রেখে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। ট্রাকটি পুলিশ আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যায়। পরে রাত সাড়ে আটটার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে ট্রাকের চালক মেহেদি হাসান ও রাত তিনটার দিকে সহকারী তুহিনকে সাভারের ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান বলেন, শারীরিক পরীক্ষার জন্য কিশোরীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন...
চলন্ত ট্রাকে কিশোরীকে গণধর্ষণ!