চলন্ত ট্রাকের ওপর ভেঙে পড়ল কংক্রিটের তোরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান সিকদারঘাটা এলাকায় এভাবেই চলন্ত ছোট ট্রাকের ওপর ভেঙে পড়ে কংক্রিটের তৈরি তোরণ। রাউজান, চট্টগ্রাম, ২৩ নভেম্বর। ছবি: প্রথম আলো।
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান সিকদারঘাটা এলাকায় এভাবেই চলন্ত ছোট ট্রাকের ওপর ভেঙে পড়ে কংক্রিটের তৈরি তোরণ। রাউজান, চট্টগ্রাম, ২৩ নভেম্বর। ছবি: প্রথম আলো।

স্বাভাবিকভাবেই চলছিল ছোট আকারের ট্রাকটি। হঠাৎ করেই বিনা মেঘে বজ্রপাত! কংক্রিটের তৈরি জরাজীর্ণ একটি তোরণের নিচ দিয়ে যাওয়ার সময় হুড়মুড়িয়ে ট্রাকের ওপর ভেঙে পড়ে তোরণটি।

চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান মুন্সিরঘাটা সিকদারঘাটা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ওই কংক্রিটের তোরণটি স্থানীয়ভাবে সিরাজ মঞ্জিলের তোরণ নামে পরিচিত। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রাঙামাটি ফার্নিচার মার্ট নামের একটি আসবাবপত্রের দোকান থেকে খাট নেওয়ার জন্য ঢুকছিল একটি ছোট ট্রাক। ঢোকার সময় হঠাৎ করেই তোরণটি ভেঙে ট্রাকের ওপর পড়ে। এর পর স্থানীয় লোকজন রাউজান ফায়ার সার্ভিসকে ফোন করে। পরে দমকলের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। স্থানীয়রা ধারণা করছেন, তোরণটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ভেঙে পড়েছে।

ট্রাকটির চালক বখতেয়ার বলেন, ‘আমি দোকান থেকে একটি খাট নেওয়ার জন্য ঢোকার সময় হঠাৎ তোরণটি ভেঙে পড়ে। শব্দ শুনে আমি আতঙ্কিত হয়ে পড়ি। আমার কোনো ক্ষতি না হলেও গাড়িটির ক্ষতি হয়েছে।’

রাউজান ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোমেন বড়ুয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। বিদ্যুৎবাহী তার থাকায় উদ্ধার তৎপরতা শুরু করতে একটু দেরি হয়েছে। রাতের মধ্যেই উদ্ধার কাজ শেষ হবে বলে জানান তিনি।