চলন্ত ট্রেন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের চলন্ত ট্রেন থেকে পড়ে হাবিবুর রহমান নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর কাছে দেশি-বিদেশি কিছু মুদ্রা পাওয়া গেছে।

আজ সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

নিহত ব্যবসায়ীর স্ত্রী মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী ট্রেনে করে চট্টগ্রাম থেকে চাঁদপুর যাচ্ছিলেন। ৫টা ১৫ মিনিটে তিনি স্টেশনে পৌঁছেছিলেন। ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে ৫টা ২০ মিনিটে হাবিবুরের সঙ্গে তাঁর শেষ কথা হয়। হাবিবুরের সঙ্গে কত পরিমাণ টাকা ছিল, তা তিনি জানেন না।

রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম প্রথম আলোকে বলেন, নিহত হাবিবুরের চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দীন বাজারে মানি এক্সচেঞ্জের দোকান আছে। তাঁর কাছ থেকে ডলার, রিয়ালসহ বিদেশি মুদ্রা ও দেশি টাকা পাওয়া গেছে। কী পরিমাণ টাকা আছে, তা এখনো গণনা করা হয়নি। লাশ চট্টগ্রাম রেলওয়ে থানায় নেওয়া হচ্ছে। সেখানে টাকাগুলো গণনা করা হবে।