চলন্ত ট্রেন থেকে ফেলে একজনকে হত্যা, আহত ১
মাদক ব্যবসার বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ শশীদল গ্রামের তফাজ্জল হোসেন ও নাছির উদ্দিনকে গুরুতর আহত করে ট্রেনের ছাদ থেকে ফেলে দেয় প্রতিপক্ষরা। ঘটনাস্থলেই তফাজ্জল হোসেন মারা যান। নাছির উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় বুড়িচং হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা-চট্টগ্রাম রেলপথের সদর রসুলপুর স্টেশনের উত্তর আউট সিগন্যালের কাছে ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিরতিহীন সূবর্ণ এক্সপ্রেসটি শশীদল স্টেশনের পাশে থামিয়ে মাদক ব্যবসায়ীরা এই ট্রেনের ছাদে ওঠে। ট্রেনটি শশীদল থেকে ছেড়ে যাওয়ার পর তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় তারা সংঘর্ষে লিপ্ত হয়ে তফাজ্জল ও নাছির উদ্দিনকে মেরে আহত করে সদর রসুলপুর স্টেশনের উত্তর আউট সিগন্যালের কাছে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দেয়। এর ফলে ঘটনাস্থলেই তফাজ্জল হোসেন মারা যান। গুরুতর আহত নাছির উদ্দিনকে বুুড়িচং হাসপাতালে ভর্তি করা হয়। নিহত তফাজ্জল ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ শশীদল গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।