চলন্ত ট্রেনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া রেলস্টেশনের কাছে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বগুড়া রেলস্টেশন ছেড়ে যায়। এর পরপরই ট্রেনটিতে আগুন ধরে যায়। দুটি বগির মাঝখানের হোসপাইপে ঘর্ষণ লেগে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউস পরিদর্শক সেলিম রেজা প্রথম আলোকে বলেন, ট্রেনটি বিকেল ৪টা ৪৩ মিনিটে বগুড়া স্টেশন ছেড়ে যায়। এর পরপরই দুটি বগির মাঝখানে হোসপাইপে ঘর্ষণ লেগে আগুন ধরে যায়। একপর্যায়ে হোসপাইপের আগুন বগিতে ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। শহরের কাছে নারুলী এলাকায় ট্রেনটি থামানো হয়। মুঠোফোনে বিষয়টি বগুড়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মীকে জানানো হলে শহরের সাতমাথা এলাকায় দায়িত্বরত ফায়ার সার্ভিসের মোটরসাইকেলবাহী একটি ভ্রাম্যমাণ দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি। পরে ট্রেনটি যাত্রী নিয়ে রংপুরের উদ্দেশে ছেড়ে যায়।