চলন্ত ট্রেনে আগুন, নামতে গিয়ে কয়েকজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে লাফিয়ে পড়ে নারী, শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে আউটার সিগন্যাল এলাকায় আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস কালীগঞ্জের আড়িখোলা স্টেশনের আউটার সিগন্যালে পৌঁছালে ট্রেনের ‘খ’ ও ‘গ’ বগির মাঝখানে হঠাৎ আগুন লেগে ধোঁয়ার সৃষ্টি হয় এবং ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় ট্রেনটি গতি কমিয়ে দিলে আতঙ্কিত যাত্রীরা বগি থেকে লাফিয়ে নিচে নামার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকজন আহত হয়। পরে ট্রেনটি আড়িখোলা স্টেশনের আউটার সিগন্যালের কাছে থামানো হয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুস সাত্তার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কালীগঞ্জ স্টেশনমাস্টার দীলিপ চন্দ্র দাস বলেন, দুটি বগির মাঝখানের সংযোগ পাইপে আগুন লেগেছিল। কী কারণে আগুন লেগেছে, তা জানা যায়নি।