চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ হারালেন স্কুলশিক্ষক
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের কাজীহাটি এলাকায় গতকাল সোমবার সকালে বাদল কুমার তালুকদার (৩৮) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষকের বাড়ি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে। তিনি উপজেলার গাছতলা উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ওই শিক্ষকের পরিবার, প্রত্যক্ষদর্শী ও রেলওয়ের মোহনগঞ্জ জিআরপি পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বাদল কুমার তালুকদার গতকাল সকালে চিকিৎসার জন্য ময়মনসিংহের উদ্দেশে চকিয়াচাপুরের বাসা থেকে রওনা দেন। সকাল ১০টার দিকে মোহনগঞ্জের কাজীহাটি এলাকায় মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে পড়ে আহত হন। স্থানীয় লোকজন তাঁকে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা দিয়ে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পথে অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই আবদুর রাজ্জাক বলেন, ‘ওই ব্যক্তি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে পড়ে যান। এতে তাঁর বা পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর ডান পায়ের কিছু অংশ শরীরের সঙ্গে লেগে আছে। মৃত্যুর খবর এখনো পাইনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ ব্যাপারে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
গাছতলা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমিতা তালুকদার তাঁর বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাদল কুমার তালুকদারের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘সহকর্মীর এ অকাল মৃত্যুকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’