চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিজিবি সদস্যের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত সদস্য হাফিজুর রহমানের (৩৫) মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে যশোর রেলওয়ে জংশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর চুয়াডাঙ্গা সদর উপজেলার বিরামপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। ঢাকায় পিলখানায় হত্যাকাণ্ডের সময় তিনি কুষ্টিয়া ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। সেখানে বিদ্রোহের ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। পরে তিনি খালাস পান এবং অবসরে যান বলে তাঁর আত্মীয় দেওয়ান মোর্শেদ আলম জানিয়েছেন।
নিহতের স্বজন ও রেলওয়ে পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে নয়টার দিকে হাফিজুর যশোর রেলওয়ে জংশনে গিয়ে দেখেন ঢাকাগামী একটি ট্রেন ছেড়ে দিয়েছে। দৌড়ে উঠতে গিয়ে পা ফসকে তিনি ট্রেনের চাকার নিচে পড়ে যান।