চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ব্যাংক কর্মকর্তা আহত
ঢাকা-চট্টগ্রাম রেললাইনের সীতাকুণ্ড অংশে চলন্ত ট্রেনে আবারও পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে চোখে মারাত্মক আঘাত পান অরূপ চক্রবর্তী নামের এক ব্যাংক কর্মকর্তা। তিনি বর্তমানে চট্টগ্রাম আই ইনফরমারি ও ট্রেনিং সেন্টারে (চক্ষু হাসপাতাল) চিকিৎসাধীন আছেন। অরূপ চক্রবর্তী এক্সিম ব্যাংকের আগ্রাবাদ শাখার শিক্ষানবিশ কর্মকর্তা।
অরূপ চক্রবর্তী আজ সকালে প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার রাতে তিনি চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়ার উদ্দেশে তূর্ণা-নিশীথা ট্রেনে ওঠেন। ট্রেনের ‘ঝ’ বগিতে জানালার পাশের একটি আসনে বসেন তিনি। রাত ১২টা ১০ মিনিটে সীতাকুণ্ড স্টেশন পার হওয়ার পর বাইরে থেকে একটি পাথর নিক্ষেপ করা হয়। পাথর তাঁর ডান চোখে লাগে। এতে চোখের চারপাশে ফেটে যায় এবং ভেতরেও আঘাত লাগে। ওই বগিতে থাকা চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চিকিৎসক নাজিম উদ্দীন তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে কুমিল্লায় তাঁর বাবার কাছে পৌঁছে দেন।
অরূপের বাবা বিশ্বেশ্বর চক্রবর্তী জানান, ওই চিকিৎসকের ফোন পেয়ে তিনি স্টেশনে গিয়ে অরূপকে নিয়ে লাকসাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চোখের বাইরে ১২টি সেলাই দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল শুক্রবার তাঁকে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে পাঠানো হয়। গতকাল রাতে ও আজ সকালে সেখানে চিকিৎসা নেন তিনি। হাসপাতালের চিকিৎসক সালমা আক্তার জানান, অরূপ এখনো আশঙ্কামুক্ত নন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত বছরের ১২ সেপ্টেম্বর রাতে ট্রেনে ঢিল নিক্ষেপে আবুল কাশেম নামের এক ব্যবসায়ী আহত হন। এর এক মাস আগে প্রীতি দাশ নামের এক প্রকৌশলী নিহত হন।