চলন্ত ট্রেনের ছবি তুলতে গিয়ে প্রাণ গেল ৩ শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলন্ত ট্রেনের দৃশ্য মোবাইলে ধারণ করতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো কাউছার মিয়ার ছেলে মো. শুভ (১০)। সে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের নোঁয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র, ভাদুঘর ভূঁইয়াপাড়া এলাকার আনিস মিয়ার ছেলে ও স্থানীয় ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র পারভেজ মিয়া (১২) এবং একই গ্রামের কারীবাড়ির বাহার মিয়ার ছেলে স্থানীয় দারুল উলুম ভাদুঘর মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র মো. মোনায়েম হোসেন (১২)।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম জানান, কাউছার মিয়ার ছেলে শুভ গতকাল শনিবার নানা মঙ্গল ভূঁইয়ার বাড়িতে বেড়াতে আসে। রুবেল তার খালাতো ভাই পারভেজকে নিয়ে বাড়ির পাশে রেললাইনের ওপর গিয়ে বসে। এ সময় পাশের বাড়ির মোনায়েমও তাদের সঙ্গে বসে ছিল। মোনায়েমের বাড়ি সরাইল উপজেলায় হলেও সে ভাদুঘরে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।

স্থানীয় লোকজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পৌর শহরের ভাদুঘরের ভূঁইয়া বাড়ির পাশে রেলক্রসিং এলাকায় রেললাইনের ওপর বসে শুভ, পারভেজ, মোনায়েম ও তার মামাতো ভাই শহরের বিরাসার এলাকার নান্নু মিয়ার ছেলে মো. আফ্রিদি একসঙ্গে বসে কথা বলছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেন আসছে দেখে রেললাইনের ওপর দাঁড়িয়ে ওই তিন কিশোর (শুভ, পারভেজ ও মোনায়েম) মোবাইলের ক্যামেরা দিয়ে চলন্ত ট্রেনের দৃশ্য ধারণ করা শুরু করে। এ সময় বিপরীত দিক দিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুরমা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই শুভ ও পারভেজের মৃত্যু হয়। ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মোনায়েম গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নরসিংদী যাওয়ার পর মোনায়েম মারা যায়। সঙ্গে থাকা মোনায়েমের মামাতো ভাই আফ্রিদি রেললাইন থেকে লাফিয়ে পাশের খালি জায়গায় গিয়ে পড়ায় তার কিছু হয়নি।
নিহত পারভেজের বাবা আনিছ মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমার চোখের সামনে পারভেজসহ বাকিরা ট্রেনের নিচে কাটা পড়ল। বাড়ির দক্ষিণ পাশের রাস্তায় দাঁড়িয়ে ট্রেন আসতে দেখে ডাকাডাকি করে রেললাইন থেকে সরে কিনারে যেতে বলেছিলাম। কিন্তু কাজ হলো না। মুহূর্তের মধ্যেই ট্রেনে কাটা পড়ল। একমাত্র ছেলেটি চোখের সামনেই তিন টুকরা হয়ে গেল।’ কাউসার মিয়া বলেন, ‘প্রথমে ভেবেছিলাম ছেলেগুলো দক্ষিণ দিক থেকে আসা ট্রেনটি হয়তো লক্ষ করেছে। যখন বুঝতে পারলাম বিষয়টি খেয়াল তারা করেনি, তাদের উদ্দেশ্য করে পাথর ছুড়েছিলাম; যেন তারা সরে দাঁড়ায়। পরে দৌড়ে গিয়েও কোনো কাজ হলো না।’
আফ্রিদির বাবা নান্নু মিয়া বলেন, সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া আফ্রিদি এখন ভয়ে অসুস্থ হয়ে পড়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া প্রথম আলোকে বলেন, মোবাইল ফোনে চলন্ত ট্রেনের দৃশ্য ধারণ করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়। ট্রেনের ধাক্কায় আহত অপর কিশোর ঢাকায় নেওয়ার পথে মারা যায়।
বাবুল মিয়া বলেন, বয়স কম হওয়ায় এলাকাবাসীর অনুরোধে ও আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল সাত্তারের নির্দেশে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।