চলন্ত বাসে ধর্ষণ মামলার রায় ১৩ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে চলন্ত বাসে তরুণী ধর্ষণ মামলার রায় ১৩ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। মামলার কার্যক্রম শেষে গতকাল রোববার জেলা জজ এ কে এম মোস্তফা দেওয়ান রায়ের দিন ধার্য করেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৪ জানুয়ারি দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলায় চলন্ত বাসে পোশাকশ্রমিক এক তরুণী (১৮) ধর্ষণের শিকার হন। বাসচালক দিপু মিয়া তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। পরে তাঁর সহকারী কাসেম মিয়া ওই তরুণীকে ধর্ষণ করেন। ওই দিন বিকেলে মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।
ডাক্তারি পরীক্ষার জন্য সন্ধ্যায় ওই তরুণীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ওই দিন রাতে আক্রান্ত ওই তরুণী বাদী হয়ে দিপু ও কাসেমকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলা পরিচালনার দায়িত্ব নেয় মহিলা আইনজীবী সমিতি। ওই দিন বিকেলে পুলিশ মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে দিপুকে এবং রাতে ঢাকার আশুলিয়ার নবীনগর থেকে কাসেমকে গ্রেপ্তার করে। পরদিন দিপু ও কাসেম ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন।