চলন্ত বাসে যমজ সন্তান প্রসব
সন্তানসম্ভবা বোনকে নিয়ে বাসে করে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন ছোট দুই ভাই-বোন। পথে চলন্ত বাসেই যমজ কন্যাসন্তান প্রসব করলেন এ প্রসূতি নারী। মা ও ভূমিষ্ঠ দুই শিশুই সুস্থ রয়েছে।
গতকাল বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের উথলী-পাটুরিয়া সংযোগ সড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এই মায়ের নাম শাহিদা বেগম (৩৪)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুশোডাঙ্গা গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী।
প্রসূতির পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সংগ্রাম পরিবহনের ঢাকার শ্যামলী কাউন্টারের ব্যবস্থাপক খায়রুল ইসলাম সপরিবারে দারুস সালাম এলাকার এক বাসায় ভাড়া থাকেন। সপ্তাহ খানেক আগে সন্তানসম্ভবা শাহিদাকে দেখতে তাঁর মেজ বোন ও ছোট ভাই এনামুল হাসান এ বাড়িতে আসেন। তাঁরা বোনকে নিয়ে গতকাল সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার মিঠাবাড়ি গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে সাতটায় দারুস সালাম থেকে সংগ্রাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ওঠেন তাঁরা।
বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করার পর শাহিদা প্রসব ব্যথা অনুভব করেন। সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ঘাটের অদূরে উথলী-পাটুরিয়া সড়কের নবগ্রাম এলাকায় চলন্ত বাসে যমজ সন্তান প্রসব করেন তিনি। এ সময় যাত্রীবাহী বাসটিকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে মা ও নবজাতকদের সেখানে ভর্তি করা হয়। এরপর বাসটি অন্য যাত্রীদের নিয়ে গন্তব্যে রওনা হয়।
প্রসূতির স্বামী খায়রুল ইসলাম বলেন, ঢাকার দুটি হাসপাতালে করা পরীক্ষা-নিরীক্ষার পর আগামী ৬ বা ২১ জানুয়ারি সন্তান প্রসবের সম্ভাব্য দিন উল্লেখ করা হয়। শাহিদার ভাই এনামুল বলেন, সন্তান প্রসবের সম্ভাব্য দিনকে সামনে রেখে তাঁর বোনকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। এরই মধ্যে গতকাল চলন্ত বাসে তাঁর বোন যমজ সন্তান প্রসব করেন।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আরশাদ উল্লাহ বলেন, যমজ শিশু ও তাদের মাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সবাই সুস্থ আছেন। নবজাতক শিশু দুটির ওজন স্বাভাবিক রয়েছে।
এদিকে সুস্থ যমজ সন্তানের বাবা হওয়ায় খুশি খায়রুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার সকালে স্ত্রী ও শিশুসন্তানদের নিয়ে গ্রামের বাড়ি রওনা দেবেন তিনি।