
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গতকাল সোমবার একটি যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৬ জন যাত্রী দগ্ধ হয়েছেন। গতকাল বেলা ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘিওরের তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের মানিকগঞ্জ সদর হাসপাতাল এবং স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন জেলার শিবালয় উপজেলার মৌসুমী আক্তার (১৮), শাহিদা বেগম (৫০), সীমা আক্তার (২৬) ও মো. নকুমুদ্দিন (৭০), সিঙ্গাইর উপজেলার হাজেয়া বেগম (৫০) ও রাবেয়া বেগম (৪৫), ঘিওরের মিনু আক্তার (৩৫), কুষ্টিয়ার রুশি বেগম (৪০), সামছুদ্দিন (৬০), হাজেরা বেগম (৩৫), রাইসা আক্তার (২৫) ও নাসিমা বেগম (৫০), বাগেরহাটের ফারুক হোসেন (১৯), ঢাকার সাভারের শাহিন (১৮) এবং ফরিদপুরের রাশিদা বেগম (৪৫) ও সুমি আক্তার (৩৫)।
মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, দগ্ধ ব্যক্তিদের মধ্যে নকুমুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। গতকাল দুপুরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকি যাত্রীদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
বাসের যাত্রীরা বলেন, সকাল আটটার দিকে ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে এন এন বি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাটুরিয়া ঘাটের উদ্দেশে যাত্রা করে। বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের বাঁ পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়। আগুনে দগ্ধ হন ১৬ জন এবং তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হন আরও চারজন।
সুমন মিয়া নামের এক যাত্রী বলেন, গ্যাস সিলিন্ডারটি বাসের সামনের অংশে ছিল। হঠাৎ বিস্ফোরণের পর সামনের অংশ থেকেই আগুনের সূত্রপাত হয়।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শাহাদৎ হোসেন বলেন, বাসটি পুরোনো। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে বাসটিতে আগুন ধরে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এতে পুরো বাসটি আগুনে পুড়ে গেছে। তিনি বলেন, মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতাল এবং ছয়জনকে স্থানীয় বেসরকারি মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় একটি মামলা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ সময় মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি রেকার দিয়ে জেলা পুলিশ লাইনস মাঠে নিয়ে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।