চলন্ত বাসে হঠাৎ আগুন, আহত ২০

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় গতকাল বৃহস্পতিবার চলন্ত বাসে হঠাৎ আগুন ধরে যায়। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। এ দুর্ঘটনার পর ঢাকা-সিরাজদিখান সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
বাসটির একাধিক যাত্রী প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকার যাত্রাবাড়ী বাস টার্মিনাল থেকে সিরাজদিখান পরিবহনের বাসটি সিরাজদিখান কুসুমপুরের উদ্দেশে রওনা হয়। বাসটি ইমামগঞ্জ স মিলস এলাকায় পৌঁছালে হঠাৎ করে সিলিন্ডারের পাইপ থেকে শো-শো করে গ্যাস বের হতে থাকে। একপর্যায়ে বাসে আগুন ধরে যায়। যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করলে চালক বাস থামিয়ে পালিয়ে যান। বাসের জানালা দিয়ে নামার সময় ২০ যাত্রী আহত হন।
উপজেলার কাজীরবাগ গ্রামের নাজির হোসেন নামের এক যাত্রী বলেন, গ্যাস সিলিন্ডারটি বাসের সামনের অংশে ছিল। ওখান থেকেই আগুনের সূত্রপাত হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, এর মধ্যে কয়েকজন দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।