চলন্ত বাসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে চালকের মৃত্যু
রাজশাহীতে চলন্ত বাসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আকবর আলী (৫৭) নামের এক বাসচালকের মৃত্যু হয়েছে। রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া গোপালহাটি এলাকায় গত মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে কয়েকজন যাত্রী আহত হন।
আকবর আলীর বাড়ি ঢাকার সাভার থানার গোবিনাথপুর এলাকায়।
রাজশাহীর পবা হাইওয়ে থানার সার্জেন্ট মনিরুল ইসলাম বলেন, একটি কোচ গত মঙ্গলবার ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। পুঠিয়ার গোপালহাটি এলাকায় রাত ১১টার দিকে বাসটি পৌঁছালে বাসচালক আকবর হৃদ্রোগে আক্রান্ত হন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। পরে চালকসহ আহত লোকজনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান কর্তব্যরত চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন।
বাসের যাত্রী ও চালকের সহকারীর বরাত দিয়ে সার্জেন্ট মনিরুল ইসলাম আরও বলেন, বাসটি চালানোর সময় চালক আকবর অসুস্থতার কথা বলেছিলেন। আগেও চালক এলোমেলো গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা এ নিয়ে আপত্তি করলেও তাঁরা বাস থামিয়ে ব্যবস্থা নেননি। চালকের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্নও ছিল না। কারও আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।