ঢাকার সাভারে গতকাল বৃহস্পতিবার বিকেলে চলন্ত বাসের খুলে যাওয়া একটি চাকার আঘাতে আবদুস সালাম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই দিন ঢাকার ধামরাইয়ে ট্রাকের চাপায় আবুল হোসেন নামে আরেক বৃদ্ধ নিহত হন।
আবদুস সালামের (৬৫) বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার কাজাইকাটা গ্রামে। তাঁর এক ছেলে ও তিন মেয়ে। তিনি সাভার পৌর এলাকার স্মরণিকা মহল্লায় থেকে ভাঙারি ব্যবসা করে কোনো রকমে জীবিকা নির্বাহ করতেন। নিহতের স্ত্রী ফুরকনি বেগম বলেন, তাঁর ছেলে সওদাগর গ্রামের বাড়িতে থেকে দিনমজুরের কাজ করেন। আর মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলের আয়ে সংসার না চলায় তাঁরা কয়েক বছর আগে সাভারে চলে আসেন।
স্থানীয় লোকজন বলেন, টাকার অভাবে ফুটপাতের ভাসমান সেলুনে বসে দাড়ি কাটাচ্ছিলেন আব্দুস সালাম। হঠাৎ চলন্ত বাসের একটি চাকা খুলে প্রচণ্ড গতিতে তাঁর ওপর গিয়ে পড়ে। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় লোকজন হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আর ক্ষৌরকার আব্দুর রাজ্জাক সামান্য আঘাত পেলেও ঘটনার পরপরই পালিয়ে যান।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, ঘটনার পর বাসসহ চালক লুৎফর রহমানকে আটক করা হয়েছে।
এদিকে আবুল হোসেনের (৬০) বাড়ি ধামরাইয়ের ডেমরান এলাকায়। তিনি ঘটনাস্থলের পাশে চায়ের দোকান করতেন। ধামরাই থানার পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আবুল হোসেন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন চালকসহ ট্রাকটি আটক করলেও পরে চালককে ছেড়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।