চলন্ত বাসের চাকা খুলে ফুটপাতে, নিহত ১
সাভারের মহাসড়কে চলন্ত বাসের চাকা খুলে তীব্র গতিতে আঘাত করায় আবদুস সালাম (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুস সালামের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার কাজাইকাটা গ্রামে। তিনি সাভার পৌর এলাকার স্মরণিকা মহল্লায় থেকে ভাঙারির ব্যবসা করতেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী রিকশা চালক মকবুল হোসেন ও ব্যবসায়ী আবদুল লতিফ বলেন, বিকেলে সালাম সাভার বাসস্ট্যান্ড এলাকার ফুটপাতে ভাসমান সেলুনে বসে দাড়ি কামাচ্ছিলেন। এ সময় আরিচা থেকে ঢাকার উদ্দেশে যাওয়া যাত্রীবাহী একটি বাসের পেছনের বাম দিকের একটি চাকা খুলে যায়। চাকাটি তীব্র গতিতে গিয়ে সালামের ওপরে ওঠে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সালামের মৃত্যু হয়।
সরেজমিনে দেখা যায়, লাশটি গ্রামের বাড়িতে পাঠানোর জন্য কয়েকজন ব্যক্তি বাসস্ট্যান্ড এলাকায় মানুষের কাছে কাছে গিয়ে টাকা তুলছেন। তাঁরা বলেন, নিহতের স্বজনেরা গরিব। লাশ গ্রামের বাড়িতে নিতে স্বজনেরা গাড়ি ভাড়া করতে না পারায় এভাবে মানুষের কাছে টাকা চেয়ে লাশ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
নিহতের স্ত্রী ফুরকনি বেগম বলেন, তাঁদের ছেলে গ্রামের বাড়িতে থেকে দিনমজুরের কাজ করেন। আর দুই মেয়ের মধ্যে দুজনেরই বিয়ে হয়ে গেছে। ছেলের আয়ে সংসার না চলায় তাঁরা কয়েক বছর আগে সাভার চলে আসেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর বাসের চালক লুৎফর রহমানকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।