চলন্ত বাসের ছাদ থেকে পড়ে মামা-ভাগনে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী চলন্ত বাসের ছাদ থেকে পড়ে মামা ও ভাগনে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মদনপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শেরপুর উপজেলার বেটখৈর গ্রামের বাসিন্দা দুলাল শেখ (২৮) ও দুলালের ভাগনে একই গ্রামের সুজন শেখ (২৪)। তাঁরা কাঁচামাল ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ বেলা দেড়টার দিকে ওই বাসটি সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। ছাদে বসে ছিলেন দুলাল ও সুজন। পথে গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে তাঁরা সড়কে পড়ে যান। এতে তাঁরা ঘটনাস্থলেই মারা যান।
নিহত দুলালের মামাতো ভাই আসাদুল ইসলাম বলেন, কাঁচামাল কেনার জন্য দুলাল ও সুজন বগুড়া সদরে গিয়েছিলেন। ফেরার পথে এ ঘটনা ঘটে।
শেরপুর থানা​র উপপরিদর্শক (এসআই) সামছুজ্জোহা সাংবাদিকদের বলেন, ঘটনার পরপরই বাসটি দ্রুত সিরাজগঞ্জের দিকে চলে গেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে।