চলন্ত বাসের নিচে ধাক্কা মেরে ফেলে আছাদ মোল্লা (৪৮) নামের এক রাজমিস্ত্রিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার বিকেলে মাগুরা-নড়াইল সড়কের মালিকগ্রামে এ ঘটনা ঘটেছে। নৃশংস এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, মাগুরা বাস মালিক গ্রুপ দীর্ঘদিন ধরে জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে অরাজকতা সৃষ্টি করে আসছে। তাদের বাস ছাড়া এসব রুটে অন্য কোনো বাস বা পরিবহন চলাচল করতে দেওয়া হয় না।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মাগুরার মহমঞ্চদপুর উপজেলার ধোয়াইল গ্রামের আছাদ মোল্লা শনিবার দুপুরে তাঁর ভাতিজা রবিউল ইসলামকে (৩০) নিয়ে মাগুরা শহরে ঢেউটিন কিনতে আসেন। ঢেউটিন কিনে তাঁরা আলমগীর হোসেনের (৪০) নছিমনে করে বেলা দেড়টার দিকে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে সদর উপজেলার চাউলিয়া ইউনিয়ন পরিষদের অদূরে মালিকগ্রাম এলাকায় বাস মালিক গ্রুপের লোকজন নছিমনটির গতিরোধ করেন। পরে মালিক গ্রুপের সামছেল মীর ও মো. এলাহী নছিমনের চালকসহ দুই যাত্রীকে নামিয়ে বেদম মারধর করেন। একপর্যায়ে তাঁদের ছেড়ে দেওয়ার কথা বলে ২০০ টাকাও নেওয়া হয়। কিন্তু তাঁদের ছেড়ে না দিয়ে বিকেল চারটা পর্যন্ত আটকে রাখা হয়। পরে নছিমনের চালককে টিনসহ আটকে রাখলেও আছাদ মোল্লা ও তাঁর ভাতিজাকে মালিক গ্রুপের বাসে তুলে দেওয়ার কথা বলে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা হয়। নছিমনচালক আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, মালিক গ্রুপের দুই কর্মী দুপুর থেকে তাঁদের আটকে রেখে মারধর করেন। ছেড়ে দেওয়ার কথা বলে টাকাও নেন। বিকেলে আছাদ মোল্লাকে চলন্ত বাসের নিচে ফেলে হত্যা করা হয়। কান্নাজড়িত কণ্ঠে আছাদ মোল্লার ভাতিজা রবিউল ইসলাম বলেন, ‘চোখের সামনে চাচা বাসচাপা পড়ে মারা গেলেন। কিছুই করতে পারলাম না।’
যোগাযোগ করা হলে মাগুরা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমরা একটা মিটিং করতেছি। পরে কথা বলব।’ এ কথা বলেই তিনি ফোন কেটে দেন। পরে বাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাইদের মুঠোফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। ঘটনাস্থল পরিদর্শন করে মাগুরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. বদরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
আছাদ মোল্লার ছোট ভাই হাফিজুর রহমান অভিযোগ করেন, ‘পুলিশ সুপার দুর্ঘটনার মামলা করতে বলেন। হত্যা মামলা নিতে চাননি। তাই চলে এসেছি।’