চলন্ত বিলাসবহুল বাসে ডাকাতি
রোববার দিবাগত রাত পৌনে তিনটা। ঢাকা থেকে রংপুরের পথে ছেড়ে যাওয়া এসআর ট্রাভেলসের শীতাতপনিয়ন্ত্রিত বাসটি বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে দুই কিলোমিটার এগিয়েছে। এমন সময় বাসে যাত্রী হিসেবে ওঠা সাত ডাকাত আসন ছেড়ে দাঁড়িয়ে পড়ে। থলে থেকে পিস্তল, ছুরি বের করে যাত্রীদের দিকে তাক করে।ডাকাতদের একজন গাড়িচালকের মাথায় আঘাত করে তাঁকে চালকের আসন থেকে সরিয়ে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ডাকাতের দলটি যাত্রীদের কাছ থেকে টাকা, মুঠোফোন, ল্যাপটপ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলে এই ডাকাতি। সাত ডাকাতের দুজনের পরনে ছিল লুঙ্গি এবং অন্যরা শার্টপ্যান্ট পরা ছিল।ডাকাতি শেষে সিরাজগঞ্জের কড্ডার কাছে ডাকাতের দলটি চলন্ত বাস থেকে নেমে পড়ে। যাত্রীদের মধ্য থেকে একজন চালকের আসনে বসে বাসটি থামিয়ে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেন।ডাকাতের দল নেমে যাওয়ার পর যাত্রীরা জানান, মানিব্যাগ, মুঠোফোন, ল্যাপটপ ও সঙ্গে থাকা স্বর্ণালংকার ডাকাতেরা নিয়ে গেছে। বাসে যাত্রী হিসেবে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইমরান আলী। তাঁর সঙ্গে থাকা পাসপোর্ট ও বেশ কিছু বিদেশি মুদ্রা খোয়া গেছে। ঠিকাদার দম্পতি সোহেল রানা-বিলকিস বেগমের সঙ্গে থাকা ১১ ভরি সোনার গয়না ডাকাতেরা নিয়ে গেছে।ডাকাতের হামলায় আহত চালক বাসটি ভোররাত সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জের ফুড ভিলেজ নামের খাবারের দোকানে নিয়ে যান। দোকানটি এসআর ট্রাভেলসের মালিক ও সাবেক সাংসদ জি এম সিরাজের। সেখানে অবস্থানরত এসআর ট্রাভেলসের কর্মকর্তা সানোয়ার হোসেনের কাছে ডাকাতির বিষয়টি অবহিত করেন যাত্রীরা।ডাকাতির সঙ্গে বাসটির হেলপার শিপনের সম্পৃক্ততা আছে বলে ধারণা করেন যাত্রীরা। শিপন ডাকাতদের একজনকে যাত্রীর গয়নার হাতব্যাগটি দেখিয়ে দিয়েছেন।বাসে ওঠার আগে ডাকাতদের সঙ্গে থাকা থলে ও ব্যাগ পরীক্ষা করা হয়নি। তা ছাড়া বিলাসবহুল শীতাতপনিয়ন্ত্রিত বাসে যাত্রীদের ছবি তোলা ও ভিডিও করার নিয়ম থাকলেও তা মানা হয়নি।রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, এসআর পরিবহনের শীতাতপনিয়ন্ত্রিত আরেকটি বাসে ডাকাতি হয়েছিল। তখন বাস কর্তৃপক্ষকে যাত্রীদের ছবি তুলে ও ভিডিও করে রাখার জন্য থানা থেকে বলা হয়েছিল। যাত্রী ও বাসচালকের মাঝখানে একটি রডের তৈরি দেয়াল থাকার কথা বলা হলেও বাস কর্তৃপক্ষ তা মানেনি।বিএনপির সাবেক সাংসদ জি এম সিরাজ প্রথম আলোকে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ হচ্ছে এই ডাকাতি। মানুষ ঘরে এমনকি বাসেও নিরাপদ নয়। কিন্তু যাত্রীদের ছবি তুলে রাখাসহ অন্যান্য নিয়ম কেন মানা হয়নি, জানতে চাইলে জি এম সিরাজ বলেন, ‘আমাদেরও কিছু গাফিলতি আছে। তবে বাস মালিক সমিতি অকার্যকর থাকায় কোনো নিয়ম কার্যকর করা যাচ্ছে না।’