চলন্ত মাইক্রোবাসে পোশাকশ্রমিককে ধর্ষণ
রাজধানীর মিরপুর থেকে গত মঙ্গলবার রাতে পোশাকশ্রমিক এক তরুণীকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের শিকার ওই পোশাকশ্রমিক (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
মিরপুর থানার এসআই আফজাল হোসেন গতকাল বুধবার রাতে জানান, মিরপুরের মধ্য পাইকপাড়ায় থাকেন ওই পোশাকশ্রমিক। মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি গাবতলী থেকে নিজের বাসায় ফিরছিলেন। মিরপুরের টেকনিক্যাল মোড়ে পৌঁছালে একটি মাইক্রোবাস তাঁর সামনে থামে। কিছু বুঝে ওঠার আগেই মাইক্রোবাসটি থেকে ফরিদ এবং অন্য একজন নেমে তাঁকে জোর করে তুলে নেয়। মাইক্রোবাস চলতে শুরু করে। মাইক্রোবাস চালাচ্ছিল অন্য একজন। খুন করার ভয় দেখিয়ে ফরিদ ও তার সঙ্গী যুবকটি মাইক্রোবাসে তাঁকে ধর্ষণ করে বলে ওই তরুণী পুলিশকে জানিয়েছেন। গভীর রাতে তাঁকে টেকনিক্যাল মোড়ে নামিয়ে দেয়। গতকাল তিনি থানায় যান এবং সন্ধ্যায় পুলিশ তাঁকে ওসিসিতে ভর্তি করায়।
পুলিশ জানায়, তরুণীর ফুপু পুলিশকে জানিয়েছেন, বখাটে ফরিদ অনেক দিন ধরে তাঁর ভাতিজিকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। তাঁর ধারণা, এতে রাজি না হওয়ায় ফরিদ এ ঘটনা ঘটিয়েছে। ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসির সমন্বয়কারী চিকিৎসক বিলকিস বেগম জানান, ধর্ষণের শিকার মেয়েটির চিকিৎসা চলছে এবং প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে।