চলমান পরিস্থিতিতে আসকের উদ্বেগ
দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ ও হরতালে চলমান নাশকতা, ককটেল হামলায় হতাহতের ঘটনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রসফায়ার, গণগ্রেপ্তার এবং বাড়াবাড়ি বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ মঙ্গলবার আসকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খানের সই করা এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়েছে।
আসকের বিবৃতিতে বিরোধী দলগুলোকে নাশকতার পথ থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। একইভাবে নিরপেক্ষভাবে আইনের প্রয়োগ নিশ্চিত করতে এবং বলপ্রয়োগের নীতি পরিহার করে আলোচনার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আজ ভোররাতে কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রলবোমায় দগ্ধ হয়ে সাতজনসহ এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু, হরতাল-অবরোধের ২৯তম দিনে সব মিলে ৪৫ ব্যক্তির মৃত্যু, ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ১৫ জন ব্যক্তির বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া, শিক্ষার্থীদের বিশেষ করে এসএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা এবং দেশের এ ধরনের পরিস্থিতিকে আন্দোলনের কৌশল হিসেবে ব্যবহার করার বিষয়টি তুলে ধরা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, একদিকে চলমান নাশকতা, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের নীতি গ্রহণ করেছে। সব মিলে দেশে জনগণের সাংবিধানিক মৌলিক মারাত্মক খর্ব হচ্ছে।