চলমান পরিস্থিতির নিন্দা জানালেন সংস্কৃতিকর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে চলমান নৈরাজ্যকর পরিস্থিতি ও সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতিকর্মীরা প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এক সমাবেশের আয়োজন করে। সেখানে সংস্কৃতিকর্মীরা এ নিন্দা জানান।

পরে ফেডারেশনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সারা দেশে যানবাহনে বোমা হামলা ও অগ্নিসংযোগসহ সব ধরনের সহিংসতার বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী। সমাবেশে বক্তব্য দেন ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, নাট্যব্যক্তিত্ব ইনামুল হক, আতাউর রহমান, রামেন্দু মজুমদার, আইটিআই বাংলাদেশের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ প্রমুখ।

সমাবেশে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান।