মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চলমান মামলাগুলোর কার্যক্রম নতুন করে শুরু করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ। গতকাল বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শফিউর রহমান মিলনায়তনে বিএনপিসহ ১৮ দলীয় জোটের আইনজীবীদের যৌথ ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান।মওদুদ আহমদ বলেন, ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের পদত্যাগের মাধ্যমে দি ইকোনমিস্ট ও আমার দেশ পত্রিকায় প্রকাশিত স্কাইপ সংলাপের সত্যতা প্রমাণিত হয়েছে। এতে আরও প্রমাণিত হয়েছে, এই বিচার ছিল সাজানো নাটক ও প্রহসনের। নিজামুল হকের পদত্যাগের আগ পর্যন্ত যত কার্যক্রম পরিচালিত হয়েছে, তার সবকিছু তামাদি হয়ে গেছে। এখন এই ট্রাইব্যুনালের সব মামলার বিচার কার্যক্রম আবার নতুন করে শুরু করতে হবে। নতুন করে শুরু না করে মাঝখান দিয়ে আবার বিচার-প্রক্রিয়া এগিয়ে নেওয়া হলে, তা হবে সংবিধান, আইন ও ন্যায়বিচারের পরিপন্থী।মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আটক নেতাদের আইনজীবী তাজুল ইসলামের সঞ্চালনায় ব্রিফিংয়ে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, জামায়াতের আটক নেতাদের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বক্তব্য দেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব আইনজীবী মাহবুবউদ্দিন, আইনজীবী শাহ খসরুজ্জামান, গোলাম মোহাম্মদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।মওদুদ বলেন, অনেকে বলতে চাইবেন ও বলছেন, যেখান থেকে বিচার থেমে গেছে আবার সেখান থেকে শুরু করা যাবে। এটা ঠিক যে, স্বাভাবিক অবস্থায় যখন একজন বিচারপতি কোনো বিচারের মাঝখানে বদলি হন, তখন ওই বিচার কার্যক্রম চলমান থাকে। কিন্তু এখানে স্বাভাবিক অবস্থায় বিচারপতি নিজামুল হক পদত্যাগ করেননি। এই অস্বাভাবিক অবস্থায় এই বিচার মাঝখান থেকে শুরু হতে পারে না। তিনি বলেন, ‘আমরাও যুদ্ধাপরাধের বিচার চাই। তবে এটা সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। বিচারপতি নিজামুল হকের পদত্যাগই যথেষ্ট নয়। রাষ্ট্রপতির কাছে দাবি জানাব, তাঁর বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হোক।’আবদুর রাজ্জাক বলেন, যে জালিয়াতি হয়েছে বিচারের নামে, তা এই দুনিয়ার ইতিহাসে নজির নেই। এর বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার। তিনি এ বিষয়ে আন্তর্জাতিক বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে তদন্তের দাবি জানান।