চলমান সংকট স্থান পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তাঁর এই ভাষণে চলমান রাজনৈতিক সংকট গুরুত্ব পেতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলো ডটকমকে বলেছেন, ভাষণে প্রধানমন্ত্রী সমঝোতার বিষয়ে বিরোধী দলের প্রতি আনুষ্ঠানিকভাবে আহ্বান জানাতে পারেন। প্রধানমন্ত্রী যদি এ ধরইের আহ্বান জানান, তা হলে বৈঠক করে আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে চিঠি দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে অবশ্যই বিএনপিকে ইতিবাচক মনোভাব দেখাতে হবে। বিএনপি সাড়া দিলে ২৫ অক্টোবরের মধ্যে তাদের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হবে বলে তিনি মনে করেন।

প্রধানমন্ত্রীর ভাষণের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, চলমান রাজনৈতিক সংকটসহ নানা বিষয় প্রধানমন্ত্রীর বক্তৃতায় স্থান পাবে। 

এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রথম আলো ডটকমকে বলেন, জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। তবে বিএনপির সঙ্গে সমঝোতার বিষয়ে নতুন ঘোষণার বিষয়ে তাঁর জানা নেই।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র প্রথম আলো ডটকমকে জানিয়েছে, প্রধানমন্ত্রীর রেকর্ড করা ওই বক্তব্য সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে। এ ছাড়া বেসরকারি সব টেলিভিশন চ্যানেলও প্রধানমন্ত্রীর ভাষণ একযোগে সম্প্রচার করবে বলে জানা গেছে।

ওই সূত্র আরও জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক সংকট, ২৪ অক্টোবরের পর থেকে বিরোধী দলের আন্দোলনের হুমকি, সংসদ বহাল রেখে নির্বাচন হবে কি হবে না, প্রধানমন্ত্রী পদে থেকে নির্বাচনের যৌক্তিকতা বিষয়ে সংবিধানের ব্যাখা ও মহাজোট সরকারের উন্নয়নের চিত্র প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে। 

এ ছাড়া উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মহাজোটকে আরেকবার ক্ষমতায় আনতে জনগণের কাছে ভোট চাইতে পারেন প্রধানমন্ত্রী। তবে রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলকে আলোচনায় বসতে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন কি না, তা নিশ্চিত করেনি ওই সূত্র।