চলমান সংকটে উদ্বিগ্ন ব্যবসায়ী নেতারা
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বিগ্ন ব্যবসায়ী সমাজ। এই অবস্থায় করণীয় নির্ধারণে গতকাল সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে জরুরি বৈঠক করেছেন শীর্ষ ব্যবসায়ী নেতারা। সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয়ে দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক চলে।
জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ীদের অবস্থান তুলে ধরার জন্য নেতারা বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনকে (এফবিসিসিআই) দায়িত্ব দিয়েছেন। এ পরিস্থিতিতে আজ মঙ্গলবার বিশেষ সভা করবে এফবিসিসিআই। সভা শেষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্যবসায়ীদের অবস্থান তুলে ধরা হবে বলে গতকালের বৈঠকে সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুণ, আবদুল আউয়াল মিন্টু, সালমান এফ রহমান, মীর নাসির হোসেন, এ কে আজাদ, আনিসুল হক ও আকরাম হোসেন; এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমান, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মো. আতিকুল ইসলাম, বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমান, ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান প্রমুখ।
জানতে চাইলে বৈঠকে উপস্থিত এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক সংকটে ব্যবসায়ীদের অবস্থান তুলে ধরার জন্য আমরা এফবিসিসিআইকে দায়িত্ব দিয়েছি। বিশেষ সাধারণ সভার পর আগামীকাল (আজ) সংগঠনটি ব্যবসায়ীদের অবস্থান বা বক্তব্য তুলে ধরবে।’
যোগাযোগ করা হলে এ কে আজাদ প্রথম আলোকে বলেন, ‘চলমান সংকট নিরসনে ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রয়োজনে দুই নেত্রীর সঙ্গে দেখা করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া হরতাল বা সহিংস রাজনৈতিক কর্মসূচির পরিবর্তে দুই নেত্রী যেন আলাপ-আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করেন, সেই আহ্বানও ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হবে।’