চলমান সংঘাতে আইসিজির উদ্বেগ
চলমান রাজনৈতিক সংকট বেড়ে যাওয়া এবং সরকার ও বিরোধী দলের সমর্থকদের সংঘাতে উদ্বেগ জানিয়েছে ব্রাসেলসভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)।
বিশ্বজুড়ে সংঘাত বন্ধের সঙ্গে যুক্ত আইসিজির সংঘাত পরিস্থিতি হালনাগাদ বিষয়ক প্রতিবেদনে গত সোমবার এ উদ্বেগ জানানো হয়েছে। সংস্থার ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
আইসিজির ক্রাইসিস নামের সংঘাত পরিস্থিতির হালনাগাদ এই প্রতিবেদনে বাংলাদেশের পরিস্থিতিকে ক্রম-অবনতিশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, বিএনপির বর্জনে অনুষ্ঠিত ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে সহিংসতায় এ পর্যন্ত ৩৬ জন প্রাণ হারিয়েছেন। সংঘাত বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির সুযোগ কাজে লাগাতে পারে চরমপন্থী ও অপরাধী চক্র।
আইসিজি বলেছে, ৫ জানুয়ারির বর্ষপূর্তি সামনে রেখে বিএনপির নেতৃত্বাধীন জোটের বিক্ষোভ সমাবেশ আয়োজন নিয়ে আশঙ্কার কারণে সরকার গত ৩ জানুয়ারি থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে। এ ঘটনা আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে প্রাণঘাতী সংঘাতকে উসকে দিয়েছে। যাতে নিরাপত্তা বাহিনীর হাতে দুজনসহ বিএনপির চার কর্মী মারা গেছেন। এতে খালেদা জিয়া দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ ও পরে হরতাল ডেকেছেন।