দেশে চলমান সন্ত্রাস ও সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন সম্পাদকেরা। গতকাল রোববার সকালে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় দৈনিক ও সংবাদ সংস্থার সম্পাদকদের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত মতবিনিময় সভায় সম্পাদকদের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।
বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও সম্পাদকদের পক্ষে সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সভায় সভাপতিত্ব করেন এবং তথ্যসচিব মরতুজা আহমেদ সূচনা বক্তব্য দেন। খবর বাসসের।
তথ্যমন্ত্রীর আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক পরিষদের সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বিডিনিউজ টুয়েন্টি ফোর-এর জ্যেষ্ঠ সম্পাদক আমানুল্লাহ কবীর, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জনকণ্ঠ সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ, যুগান্তর-এর ¯ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, সকালের খবর সম্পাদক মোজাম্মেল হোসেন, ডেইলি সান সম্পাদক আমির হোসেন, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, আমাদের অর্থনীতি সম্পাদক নাঈমুল ইসলাম খান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, পিআইবির মহাপরিচালক (ডিজি) শাহ আলমগীর, সংবাদ সম্পাদক আলতামাশ কবির, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান।
ব্রিফিংয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা অনেকক্ষণ ধরে সুন্দর ও গঠনমূলক আলোচনা করেছি। সবার মূল্যবান চিন্তাভাবনা ও পরামর্শ জানতে পেরেছি। আমরা দেশের শান্তি চাই। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের এই দেশ। এই দেশ এগিয়ে যাক, শান্তিপূর্ণ থাকুক—এটা আমাদের সবার কাম্য। এ ব্যাপারে কোনো রাজনীতি নেই, ভিন্নমত নেই, দল নেই।’ তিনি বলেন, ‘বর্তমানে যে পরিস্থিত তা স্বাভাবিক হোক, সুন্দরভাবে দেশ চলুক—আমরা এ আলোচনা করেছি।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা শেষ করেছি এই কথা বলে, এটা আমাদের সবার দেশ, সবার প্রিয় মাতৃভূমি, আমরা সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে এ দেশটাকে ভালো রাখব। দেশ ভালো থাকুক—এটাই আমাদের কামনা। আশা করি, তথ্যমন্ত্রী মাঝে মাঝে সম্পাদকদের সঙ্গে বসে মূল্যবান পরামর্শ নেবেন।’
সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার বলেন, ‘দেশের চলমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। আমরা সবাই একমত হয়েছি, আমরা সবাই শান্তির পক্ষে। সবাই শান্তি চাই, অশান্তি চাই না।’
তথ্যসচিব মরতুজা আহমেদ সূচনা বক্তব্য দেন।