চলমান সহিংসতায় আবারও উদ্বেগ প্রকাশ ইইউর
বাংলাদেশের চলমান সহিংসতা ও সংঘাতে আবারও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর কূটনৈতিক প্রধান ক্যাথরিন অ্যাস্টন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির কাছে লেখা চিঠিতে এ উদ্বেগ প্রকাশ করেছেন বলে ঢাকায় ইইউ দূতাবাস গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাথরিন অ্যাস্টন সংকট নিরসনে ‘ইতিবাচক সংলাপ’ আয়োজনের জন্যও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। এতে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে ইইউর ‘হাই রিপ্রেজেন্টেটিভ’ ব্যারোনেস ক্যাথরিন অ্যাস্টন ২ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে চিঠি লিখেছেন। এতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা তাঁকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। চিঠিতে তিনি সহিংসতা বন্ধে নিজেদের প্রভাবকে কাজে লাগাতে রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।ইইউর জ্যেষ্ঠ এ কর্মকর্তা সংকটাপন্ন জনগোষ্ঠী, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন। এ প্রসঙ্গে রাজনীতিতে সংঘাত পরিহারের বিষয়ে ইইউর অব্যাহত আহ্বানের বিষয়টি স্মরণ করেছেন তিনি। চিঠিতে বলা হয়, বাংলাদেশের আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য উপায়ে আয়োজন নিশ্চিত করার স্বার্থে গঠনমূলক আলোচনা জরুরি।ক্যাথরিন অ্যাস্টন আরও বলেন, বাংলাদেশের নির্বাচনব্যবস্থা শক্তিশালী করতে নির্বাচন কমিশনকে এক কোটি ইউরো সহায়তা দেওয়া হবে। এ ব্যাপারে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতেও আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন।