চলাচলে বিশৃঙ্খলা, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো শৃঙ্খলা নেই। চালকেরা ইচ্ছামতো গাড়ি চালাচ্ছেন। ট্রাফিক পুলিশের কড়াকড়িও নেই। এ সুযোগে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা যত্রতত্র দাঁড় করিয়ে চালকেরা যাত্রী ওঠানামা করাচ্ছেন। ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসগুলো চলছে এলোপাতাড়ি। সব মিলিয়ে সৃষ্টি হচ্ছে যানজট।
সিলেট নগরের অধিকাংশ সড়কেই এমন দৃশ্য এখন স্বাভাবিক। কেবল সাপ্তাহিক ছুটির দিনের যানজট থেকে কিছুটা মুক্তি মেলে বলে নগরবাসী জানিয়েছেন৷
নগরবাসীর অভিযোগ, ট্রাফিক পুলিশ তৎপর না থাকায় যানবাহন চলাচলে এমন হ-য-ব-র-ল অবস্থা। এ ছাড়া শহরের অধিকাংশ বিপণিবিতান এবং নামকরা কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব গাড়ি রাখার জায়গা না থাকায় যানজট তীব্র আকার ধারণ করছে। দিনের বেলা নগরে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও অবাধে ট্রাক চলাচল করছে৷ এতেও যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে আম্বরখানা থেকে টিলাগড়, সোবহানীঘাট থেকে নাইওরপুল হয়ে টিলাগড় রাস্তা এবং কালীঘাট থেকে কাজিরবাজার রাস্তায় দিনের বেলা ট্রাক চলাচল প্রায় নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, নয়াসড়ক, বারুতখানা, কাজলশাহ, কাজীটোলা, কাজিরবাজারসহ অন্তত ২০টি ব্যস্ততম এলাকার কিছু বিপণিবিতান এবং গুরুত্বপূর্ণ বেসরকারি হাসপাতালের সামনে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে৷ এতে যানজট তৈরি হচ্ছে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এনামুল হাবীব জানান, নগরের রাস্তাগুলোতে গাড়ি যত্রতত্র দাঁড় করিয়ে রাখার বিষয়টি দেখভালের দায়িত্ব ট্রাফিক পুলিশের। পুলিশের আন্তরিকতা ছাড়া কোনোভাবেই যানজট নিরসন সম্ভব নয়। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে যানজট নিরসন অবাস্তব কিছু নয়। তবে ইতিমধ্যে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় কয়েকটি রাস্তায় লেন তৈরি করায় যানজট খানিকটা কমেছে। এসব রাস্তায় যানজট এড়াতে কিছু বেসরকারি নিরাপত্তা সদস্য ও আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে। এ ছাড়া নগরের পাড়া-মহল্লার অপ্রশস্ত সড়কগুলোও প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন জানান, নগরের মধ্যে স্থায়ী স্ট্যান্ড না থাকায় যানবাহনগুলো কোনো কোনো সময় রাস্তায় দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করায়। আর গ্যাস বা রাসায়নিক-জাতীয় জরুরি দ্রব্য বহনকারী ট্রাক ছাড়া কোনো ট্রাককে দিনের বেলা নগরে চলাচল করতে দেওয়া হয় না।
যানজট সৃষ্টির সম্পর্কে রোকন উদ্দিন বলেন, নগরের গুরুত্বপূর্ণ বিপণিবিতান এবং প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব গাড়ি রাখার জায়গা না থাকায় যানজট লেগেই থাকছে। এর বাইরে অপ্রশস্ত রাস্তাঘাটও যানজটের অন্যতম কারণ। তবে নানামুখী পদক্ষেপের মাধ্যমে যানজট কমাতে পুলিশ আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে।