চলাচলে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সামনের সড়কের অর্ধেকই ভাঙাচোরা, বাকি অংশ কাদা-পানিতে সয়লাব l ছবি: প্রথম আলো
আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সামনের সড়কের অর্ধেকই ভাঙাচোরা, বাকি অংশ কাদা-পানিতে সয়লাব l ছবি: প্রথম আলো

আগারগাঁওয়ের ছয় সড়কে যানবাহন ও পথচারী চলাচল মানেই ভোগান্তি। প্রায় তিন মাস আগে, এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকা ওয়াসা সড়কগুলোয় পানিনিষ্কাশনেরপথ সংস্কারের জন্য খোঁড়াখুঁড়ি করে। পরে পাইপ বসানোর কাজ শেষ হলে ওয়াসাই সড়কগুলো সংস্কারের দায়িত্ব নেয়। কিন্তু এখনো কাজ শেষ হয়নি।
বর্তমানে সংস্কারাধীন এসব সড়কের একাংশ ব্যবহারের অনুপযোগী হয়ে আছে। ওয়াসা সূত্র জানায়, সড়কগুলোর কাজ শেষ হতে আরও অন্তত ২০ দিন লাগতে পারে।
গতকাল রোববার আগারগাঁওয়ের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠান, জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর ও পরিবেশ অধিদপ্তরের সামনের সড়ক খানাখন্দে ভরে আছে। জাদুঘরের সামনের সড়কে সংস্কারকাজ শুরু হয়নি। ওয়াসার সংস্কারকৃত পানিনিষ্কাশনপথের গর্ত বালি ও খোয়া ফেলে ভরাট করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের সামনের সড়কে পানিনিষ্কাশনপথ নির্মাণ শেষ হলেও বিদ্যুৎ লাইনের কাজের জন্য সড়ক এখনো খুঁড়ে রাখা। সারি ধরে স্তূপ করে রাখা মাটি। সড়ক সংকুচিত হয়ে গেছে। হাঁটাচলার জায়গা নেই। বৃষ্টিতে পুরো সড়ক কাদায় ভরে আছে। এই সড়কে সার্ক আবহাওয়া গবেষণাকেন্দ্রের সামনের অংশে সড়ক ভেঙে অর্ধেক হয়ে আছে। দুটো গাড়ি একসঙ্গে চলতে পারে না। পথের গর্তে পানি জমে আছে। সড়কের অর্ধেক কাদামাটিতে ডুবে আছে।

পরিবেশ অধিদপ্তরের মালি আবদুল জলিল বলেন, ‘বিদ্যুৎ লাইনের কাজের নাম করে সড়কটি মাস খানিক ধরে খুঁড়ে রেখেছে। কিছুদিন কাজ চললেও এখন বন্ধ। বৃষ্টি হলে এই সড়ক দিয়ে চলাফেরা করা যায় না।’

জানা গেছে, সংস্কারকাজ করছে ওয়াসা। শুধু পরিবেশ অধিদপ্তর থেকে ৬০ ফুট রাস্তার বিএনপি বাজার মোড় পর্যন্ত সড়ক সংস্কার করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। জুনের শেষে পানিনিষ্কাশনপথে পাইপ বসানোর কাজ শেষ করে ওয়াসা। তারপরই সড়কের সংস্কারকাজ ধরা হয়। ওয়াসার তত্ত্বাবধানে ‘ডেভেলপমেন্ট অব স্ট্রম ওয়াটার ড্রেনেজ সিস্টেম অ্যাট আগারগাঁও এরিয়া ইন ঢাকা সিটি’ প্রকল্পের অধীনে পুরো কাজ চলছে।

পথচারীদের একজন মোস্তফা কামাল বলেন, ‘প্রবীণ হাসপাতালে স্ত্রীকে দেখতে প্রতিদিনই আসি। ভাঙাচোরা রাস্তায় রিকশা ঢুকতে চায় না। হেঁটে চলাফেরা করি।’

আরও দেখা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সামনের সড়কে মোটা খোয়া আর বালি ফেলে ঢালাইয়ের জন্য সড়ক প্রস্তুত করা হয়েছে। সড়ক সংস্কারের জায়গায় বিছিয়ে রাখা খোয়ার ওপর কাদার আবরণ জমে আছে।

পরিসংখ্যান ব্যুরোর সামনের সড়কে কর্মরত শ্রমিকদের একজন মিজানুর রহমান বলেন, ‘কার্পেটিংয়ের জায়গা প্রস্তুত করছি। কাজ শেষ হতে আরও দুই দিন লাগবে। কার্পেটিং দিতে আরও আট-দশ দিন লেগে যাবে।’

উল্লিখিত সড়কগুলোর চারপাশে আছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সরকারি
সংগীত কলেজ, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতাল, দুটি জামে মসজিদ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ তথ্য কমিশন, প্রত্নতত্ত্ব ভবন, কোস্টগার্ড সদর দপ্তর, তথ্য
ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনসহ আরও কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

এ বিষয়ে জানতে চাইলে ওয়াসার প্রকল্প পরিচালক কে এস চিং প্রথম আলোকে বলেন, ‘ঈদের ছুটিতে কাজ বন্ধ থাকার কারণে সময় একটু বেশি লাগছে। কাজ দ্রুতগতিতেই আগাচ্ছে। বৃষ্টির মধ্যে কার্পেটিং করা সম্ভব হচ্ছে না। কিছু কাজ বাকি আছে। আশা করছি, আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে সব সড়কের সংস্কারকাজ শেষ হবে।’