চলাচলে ভোগান্তির এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজি-ডাকাতি বন্ধের দাবিতে রাঙামাটি জেলায় ডাকা পরিবহন ও নৌ-ধর্মঘটে চরম ভোগান্তির শিকার হয়েছে মানুষ। গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাঙামাটিতে চলেনি কোনো যানবাহন। শহর থেকে দূরপাল্লার রুটে কোনো বাস ছাড়েনি। বন্ধ ছিল অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। এমনকি শহরে অটোরিকশাও চলেনি।
রাঙামাটি শহরের সঙ্গে জেলার ছয়টি উপজেলা বাঘাইছড়ি, নানিয়ারচর, লংগদু, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়িতে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। ধর্মঘটের কারণে নৌপথে চলেনি লঞ্চ ও ট্রলার। সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাঙামাটি বাস-ট্রাক মালিক সমিতি ও ট্রাক শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দেয়।
অবশ্য শহরের অফিস-আদালতসহ বিভিন্ন হাটবাজার, বিপণিবিতান খোলা ছিল। গাড়ি না চলায় শিক্ষার্থী, অফিসগামী মানুষ, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে দিনভর চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। হেঁটে বা ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে গন্তব্যে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ধর্মঘটের কারণে সুযোগ বুঝে মোটরসাইকেলের চালকেরাও অতিরিক্ত ভাড়া আদায় করেছেন বলে অনেক যাত্রী অভিযোগ করেছেন।
রাঙামাটির ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রুহুল আমিন বলেন, রাঙামাটির বিভিন্ন সড়কে চাঁদাবাজির কারণে তাঁরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। সড়কে নিরাপদে যানবাহন যেন চালাতে পারেন, এটাই তাঁদের দাবি। সম্প্রতি সড়কে চাঁদাবাজি ও ডাকাতি বেড়ে যাওয়ায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কারণে বাধ্য হয়ে ধর্মঘট ডেকেছেন তাঁরা।
৩ মে রাতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় ট্রাক ও অটোরিকশায় ডাকাতির ঘটনা ঘটে বলে জানান পরিবহন শ্রমিকসংগঠনের নেতারা। এ ছাড়া জেলার বিভিন্ন সড়কে চাঁদা না দেওয়ায় সম্প্রতি কয়েকটি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। ওই সময় পরিবহনশ্রমিকের মারধরের শিকার হন বলে নেতারা অভিযোগ করেন।
গতকাল সকাল ১০টায় রাঙামাটি শহরের বনরূপা বাজারে কথা হয় জেলার বরকল উপজেলার বাসিন্দা সুখময় চাকমা ও বিলাইছড়ি উপজেলার সুনীল তঞ্চঙ্গ্যার সঙ্গে। তাঁরা বলেন, ৩ মে ব্যবসায়িক কাজে আগে তাঁরা শহরে এসেছিলেন। গতকাল তাঁদের নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু লঞ্চ চলাচল বন্ধ থাকায় গতকাল তাঁরা বাড়িতে যেতে পারেননি।
রাঙামাটির রাণী দয়াময়ী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নিকেল চাকমা ও সরবিন্দু চাকমা জানায়, শহরে অটোরিকশা চলাচল বন্ধ থাকায় প্রায় দুই কিলোমিটার হেঁটে বিদ্যালয়ে যেতে হয়েছে তাদের। ফেরার পথেও একই কষ্ট করতে হয়েছে।
পরিবহন ধর্মঘটে জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান রাঙামাটির পুলিশ সুপার মো. সাঈদ তাকিল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, ধর্মঘটে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পুরো শহরে টহল ছিল পুলিশের।