চলাচলের অনুপযোগী, সড়কে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁঠালবাগান এলাকার ফ্রি স্কুল স্ট্রিট থেকে গ্রিন রোড পর্যন্ত সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটিতে তৈরি হয়েছে খানাখন্দ। এতে বৃষ্টির পানি জমে থাকায় গভীরতা বোঝা যায় না। ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। সড়কের সবচেয়ে খারাপ অবস্থা স্থানীয় সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে।
গতকাল বুধবার দেখা যায়, কাঁঠালবাগান ঢাল দিয়ে ফ্রি স্কুল স্ট্রিটে প্রবেশ করতেই বড় গর্ত। সড়কের গর্তে পড়ে খাবি খেয়ে যানবাহন পার হচ্ছে। একটু এগোতেই ভাঙাচোরার মাত্রা বেড়েছে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কের সব অংশই এমন। সড়কটি গিয়ে গ্রিন রোডে মিশেছে।
সড়কের খান হাসান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটু সামনেই তিন রাস্তার মোড়। মোড়েই সড়ক এবড়োখেবড়ো। ফলে তিন দিক থেকে আসা যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। সড়কের এই অংশে হেঁটে চলাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।
এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর নারগিস মাহাতাবের কার্যালয়ও ফ্রি স্কুল স্ট্রিটে। দেখা যায়, তাঁর কার্যালয়ের সামনের সড়কই বেশি ভাঙাচোরা। ছোট-বড় অসংখ্য গর্ত। তাতে বৃষ্টির পানি জমে আছে।
এ বিষয়ে নারগিস মাহাতাব প্রথম আলোকে বলেন, ‘আমার কার্যালয়ের সামনের অবস্থাই বেশি খারাপ। ছয় মাস আগেই সড়ক সংস্কার হওয়ার কথা। কেন হয়নি বলতে পারব না। ঘর থেকে বের হলেই লোকজন বলতে থাকে, রাস্তা ঠিক করো না কেন।’
কাঁঠালবাগান বাজারের সামনের সড়ক দেখে বোঝার উপায় নেই, শেষ কবে পিচ ঢালাই হয়েছিল। সামান্য বৃষ্টিতে গর্তগুলোয় জমেছে পানি। এবড়োখেবড়ো রাস্তায় ব্যক্তিগত গাড়িগুলো চলছে সতর্কতার সঙ্গে। সড়কে কোনো ফুটপাত না থাকায় পথচারীদের চলাচলেও সমস্যা হচ্ছে।
এলাকার বাসিন্দা ফেরদৌস রহমান বলেন, ভাঙা রাস্তার কারণে চলন্ত রিকশায় কিছুক্ষণ বসে থাকলে কোমর ব্যথা হয়ে যায়। গত কয়েক দিনের বৃষ্টিতে সড়কটি একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভারী যানবাহন, ট্রাক, কাভার্ড ভ্যান চলায় রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে।
১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হোসেন হায়দার প্রথম আলোকে বলেন, ‘এই রাস্তাটি সংস্কারের জন্য চার মাস আগেই দরপত্র আহ্বান করা হয়েছে। কিন্তু ওয়াসা পুরোনো পানির পাইপ বদলে নতুন পাইপ বসাতে খোঁড়াখুঁড়ি করছে। এই মাসের শেষ নাগাদ ওয়াসা সড়কটি সিটি করপোরেশনকে বুঝিয়ে দিলে সংস্কারকাজ শুরু হবে।’