চলাচলের অনুপযোগী কামারপাড়া সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা ১০ নম্বর সেক্টর-সংলগ্ন হরিরাম ইউনিয়ন পরিষদের কামারপাড়া সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে কামারপাড়া বাসস্ট্যান্ড থেকে হাজি রমজান আলী মার্কেট, কামারপাড়া স্কুল রোড, শাপলার মোড়, লেবুর মোড় হয়ে তুরাগ থানা মূল সড়কের সঙ্গে যুক্ত রহমান মার্কেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। এখন ১০ মিনিটের এই রাস্তা যেতে সময় লাগছে আধা ঘণ্টার বেশি।
গতকাল রোববার দুপুরে গিয়ে দেখা যায়, রাস্তার অধিকাংশ স্থানে কার্পেটিংয়ের কোনো অস্তিত্ব নেই। সড়ক নির্মাণে ব্যবহৃত ইট, সুরকি উঠে গেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। রাস্তায় যানবাহন চলাচলের কারণে উড়ছে ধুলা। রিকশা কিংবা ব্যাটারিচালিত অটোরিকশায় যাতায়াতেও পোহাতে হচ্ছে অসম্ভব ঝক্কি। রাস্তা খারাপের কারণে এলাকার যানবাহনগুলোও চলছে ভিন্ন পথে। এক স্থান থেকে অন্য স্থানে যেতে পোহাতে হচ্ছে ভোগান্তি। গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। আবার অনেকে বাধ্য হয়ে চলাচল করছেন পায়ে হেঁটে।
কামারপাড়ার স্থায়ী বাসিন্দা মনির মিয়া বলেন, ‘আমরা খুব কষ্টে আছি, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। রিকশা ছাড়া আর কোনো যানবাহন এই পথে চলাচল করে না।’ তিনি আরও বলেন, রাস্তার যে অবস্থা, তাতে রিকশায় উঠলে যে কী পরিমাণ ঝাঁকি সইতে হয়, তা বলার মতো নয়।
কার্পেটিং উঠে যাওয়ার কারণে প্রচুর ধুলা উড়ছে রাস্তায়। রাস্তার দুপাশে থাকা দোকানিরা বলেন, শীতে ধুলা আর বর্ষায় কাদা। অনেক সমস্যার মধ্যে আছি। দুই-এক ঘণ্টা পরপর রাস্তায় পানি দিতে হয়। এক দোকানি বলেন, ‘দোকান কী করমু, ভাই। আগে তো নিজের টিকতে হইব। ধুলার কারণে নিজেরাই থাকতে পারি না।’
কামারপাড়া রাস্তার সবচেয়ে খারাপ অবস্থা শাপলার মোড় থেকে লেবুর মোড় অংশে। এই স্থানে সড়কটিও একটু নিচু। গেল বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এটি। তখন এলাকাবাসী আর ব্যবসায়ীদের উদ্যোগে ইটের টুকরো, বালু প্রভৃতি ফেলা হয়েছিল। এখন সেখানে ফেলা ইটের টুকরোগুলো এবড়োখেবড়ো হয়ে আছে। স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ২০১২ সালে কামারপাড়া সড়কটি নির্মাণ করা হয়। এরপর দীর্ঘ সময় সড়কটি সংস্কার করা হয়নি। বিষয়টি নিয়ে হরিরামপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জাবেদ আলী বলেন, কিছুদিন আগে সিটি করপোরেশন থেকে কর্মকর্তারা পরিদর্শনে আসেন। রাস্তাগুলো তাঁরা দেখে গেছেন। আশা করছি, খুব দ্রুত সংস্কারের কাজ শুরু হবে।