চলাচলের অনুপযোগী তুরাগ থানা সড়ক

উত্তরার ১০ নম্বর সেক্টরসংলগ্ন হরিরামপুর ইউনিয়ন পরিষদের তুরাগ থানার মূল সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে কামারপাড়া বাসস্ট্যান্ড থেকে হাজি আবুল হোসেন মার্কেট, রাজাবাড়ি, গুলগুলার মোড়, তারা মার্কেট, নূর মাতব্বর মার্কেট হয়ে তুরাগ থানা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। এখন ১৫ মিনিট দূরত্বের রাস্তা যেতে সময় লাগছে এক ঘণ্টার বেশি সময়।
গতকাল শনিবার দুপুরে দেখা যায়, কামারপাড়া বাসস্ট্যান্ড থেকে কামারপাড়া সড়ক ও মূল সড়ক দিয়ে তুরাগ থানা পর্যন্ত এখন সরাসরি কোনো যানবাহন চলাচল করে না। দুই কিলোমিটার দূরত্বের সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে ছোটখাটো ডোবার মতো হয়ে আছে। কোনো কোনো গর্তের গভীরতা প্রায় দুই হাতের মতো। ফলে এসব গর্তে গাড়ির চাকা পড়লে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সে কারণে মালামাল বহনের জন্য ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাগুলো অনেক ঘুরে বিকল্প পথ ব্যবহার করছে। আর এলাকার অধিকাংশ বাসিন্দাকে এখন চলতে হচ্ছে হেঁটে। এই বিকল্প ঘুর যাতায়াত করতে অটোরিকশায় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বাসিন্দাদের। সময়ও লাগছে ঢের বেশি।
রাজাবাড়ির স্থানীয় বাসিন্দা আলাল উদ্দিন বলেন, ‘কষ্টে আছি, রাস্তার অবস্থা খুব খারাপ। এই পথে গাড়ি চলে না। এলাকার ধউর, আশুটিয়া, রাজাবাড়ি এবং তুরাগ থানায় যেতে হলে এখন হাজি কালু মিয়া বাজারের বারিক মেম্বার সড়ক দিয়ে অথবা ধউর চৌরাস্তা হয়ে ঘুরে যেতে হয়। তাতে সময় আর খরচ দুটোই অনেক বেড়ে যায়।’
গুলগুলার মোড়সংলগ্ন হাজি নূর মাতব্বর মার্কেটের একটু সামনে গিয়ে দেখা যায় সড়কের প্রায় ১০ মিটার এলাকা জলাবদ্ধ। দেখে মনে হচ্ছে রাস্তা নয় যেন জলাশয়। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেল, জায়গাটিতে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। গভীরতা প্রায় কোমরসমান। তাৎক্ষণিক স্থানীয় একজন পানিতে নেমে গিয়ে গভীরতার পরিমাণ দেখালেন।
গুলগুলার মোড়ের বাসিন্দা মোস্তাকিম বলেন, কিছুদিন আগেও এই স্থানে প্রতিদিন প্রায় দুই-তিনটা বড় ট্রাক, কাভার্ড ভ্যান আটকে যেত। তখন রেকার দিয়ে গাড়ি তুলতে হতো। এখন এ কারণে এ পথে গাড়ি চলাচল একদম বন্ধ হয়ে গেছে।
একাধিক স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ২০১১ সালে তুরাগ থানা সড়কটি নির্মাণ করা হয়েছিল। এর পরে সড়কটিতে কোনো সংস্কার করা হয়নি। গত বছরের বর্ষা মৌসুমে সড়কটির অনেক স্থানে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দ সৃষ্টি হয়।
বিষয়টি জানালে হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশিম প্রথম আলোকে বলেন, ‘আমরা একটি একটি করে সড়ক সংস্কার করছি। এই সড়কটি আমাদের পরিকল্পনার মধ্যে আছে। আশা করছি দ্রুত তুরাগ থানা সড়কের কাজ শুরু করতে পারব।’