চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মরা পদ্মার ওপর নির্মিত সেতুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার আড়তপট্টি (মাল্লাপট্টি) এলাকায় মরা পদ্মা নদীর ওপর নির্মিত সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ১৯৯৫ সালে চরাঞ্চলের মানুষের পায়ে চলার জন্য এই সেতুটি নির্মাণ করা হয়। তখন গোয়ালন্দ শহরের সঙ্গে দুটি ইউনিয়নের মানুষের মধ্যে সংযোগ স্থাপন সম্ভব হলেও মাত্র আট ফুট চওড়া এই সেতুটির ওপর দিয়ে এখন যানবাহন চলতে গিয়ে সমস্যা দেখা দিচ্ছে। এ ছাড়া সেতুটির রেলিং অনেক স্থানে ভেঙে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে ৮০ ফুট দৈর্ঘ্যের সেতুটি তৈরি করেন দিলু আহমেঞ্চদ নামের রাজবাড়ীর এক ঠিকাদার। সেতুটি এত অপ্রশস্ত যে একটি রিকশা ওঠার পর বিপরীত দিক থেকে কোনো রিকশা-ভ্যান ঢুকলে বিপত্তি ঘটে।উপজেলা ভাইস চেয়ারম্যান কাইয়ুম মোল্যা বলেন, ১৫-১৬ বছর আগে চরাঞ্চলের মানুষের যাতায়াতের জন্য পায়ে চলার উপযোগী করে সেতুটি তৈরি করা হয়। কিন্তু যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ায় এখন এটি পরিবর্তন করে নতুন করে ব্রিজ করা জরুরি হয়ে পড়েছে। উপজেলা প্রকৌশলী মো. শামসুল হক বলেন, ‘গোয়ালন্দ বাজারের সঙ্গে উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতুটি সম্পর্কে কোনো তথ্য আমাদের কাছে নেই। জেলা অফিসে থাকতে পারে। তবে নতুন করে সেতু করা দরকার হয়ে পড়েছে।’ ঠিকাদার দিলু আহমেঞ্চদ মুঠোফোনে জানান, যত দূর মনে পড়ে ১৯৯৫-৯৬ সালের দিকে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে সেতুটি শুধু পায়ে ও হালকা যানবাহন চলাচলের জন্য তৈরি করা হয়। এতে প্রায় দুই লাখ টাকা লোকসান হয়েছিল। এ ছাড়া তেমন কিছু মনে নেই।’ এলজিইডি রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মুজাহিদুল ইসলাম বলেন, ‘সেতুটি সম্পর্কে আমাদের কাছেও কোনো তথ্য নেই। বর্তমান অবস্থায় সেতুটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে।’