চলাচলের জন্য রাস্তার ওপর সাঁকো নির্মাণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের এই রাস্তা কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় স্থানীয় লোকজন রাস্তার ওপর সাঁকো নির্মাণ করে চলাচল করছে। ছবিটি গত শনিবার সকালে তোলা l প্রথম আলো
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের এই রাস্তা কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় স্থানীয় লোকজন রাস্তার ওপর সাঁকো নির্মাণ করে চলাচল করছে। ছবিটি গত শনিবার সকালে তোলা l প্রথম আলো

দীর্ঘদিন সংস্কার না করায় বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যাতায়াতের জন্য স্থানীয় বাসিন্দারা রাস্তাটির ওপর বাঁশের সাঁকো নির্মাণ করেছেন।

রাস্তাটি কেদারপুর ইউনিয়নের ক্লাবগঞ্জ বাজার থেকে পূর্ব ভূতেরদিয়া পর্যন্ত। এটি দিয়ে উপজেলা সদরেও যাতায়াত করা হয়। বর্ষায় এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ইউনিয়নটির সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ১৫ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে।

গত শনিবার সরেজমিনে দেখা গেছে, ক্লাবগঞ্জ বাজারসংলগ্ন আছিয়া ওয়াজেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে রাস্তাটির ওপর প্রায় ৫০ ফুট দীর্ঘ সাঁকো। এর দুই প্রান্তে উঁচু আইল তৈরি করা হয়েছে। সাঁকো পার হয়ে এই আইলপথেহাঁটছেন লোকজন। রাস্তাটি নিচু হওয়ায় কাদাপানিতে একাকার হয়ে রয়েছে।

কেদারপুর গ্রামের মো. আবুল কালাম হাওলাদার বলেন, ‘ইউনিয়নের এই অংশে কোনো উন্নয়নকাজ হয় না। দীর্ঘদিন রাস্তা সংস্কার না হওয়ায় তা খেতের সঙ্গে মিশে গেছে। দুই মাস আগে তাই রাস্তার ওপর নিজেদের খরচে সাঁকো নির্মাণ করেছি।’

স্থানীয় সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা মো. শাহজাহান মানিক বলেন, কেদারপুর ক্লাবগঞ্জ বাজার এলাকার দুই কিলোমিটারের মধ্যে তাঁর প্রতিষ্ঠানটি ছাড়াও আছিয়া ওয়াজেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, জমিলা খাতুন দাখিল মাদ্রাসা, কেদারপুর মডেল, হাওলাদার পাড়া, দক্ষিণ-পূর্ব কেদারপুর, জনপ্রিয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি বাজার রয়েছে। রাস্তা সংস্কার না হওয়ায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানে আসা ইউনিয়নের পূর্ব প্রান্তের শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ে।

আছিয়া ওয়াজেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার বেগম বলে, ‘বর্ষা মৌসুমে স্কুলে আসতে গিয়ে অনেক সময় জামাকাপড় কাদাপানিতে মাখামাখি হয়ে যায়। তখন বাড়ি ফিরে যেতে হয়। সড়কটির আরও অনেক অংশ চলাচলের অনুপযোগী। সাঁকো নির্মাণ করেও দুর্ভোগ পুরোপুরি কমানো যায়নি।’

বিদ্যালয়টির সহকারী শিক্ষক মোসাম্মৎ জাকিয়া আক্তার বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের ৩০০ ছাত্রীর বেশির ভাগই পূর্ব ভূতেরদিয়া ও পূর্ব কেদারপুর থেকে আসে। রাস্তা না থাকায় বর্ষা হলে ছাত্রীরা স্কুলে আসতে পারে না।’

ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রেজাউল করিম বলেন, ইউনিয়নে তিনবার ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির বরাদ্দ এসেছে। একবারের বরাদ্দও এই রাস্তাটির জন্য দেওয়া হয়নি। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় ১৫ হাজার বাসিন্দা কাদাপানির রাস্তাটি ব্যবহার করতে বাধ্য হচ্ছে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. নূরে আলম ব্যাপারী প্রথম আলোকে বলেন, ‘রাস্তাটি দীর্ঘদিন সংস্কার হয়নি, তা ঠিক। তবে সেখানে কর্মসৃজন প্রকল্প দিয়ে লাভ হতো না। তাই দেওয়া হয়নি। রাস্তাটি নতুন করে নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য স্থানীয় বাসিন্দারা হাঁটার জন্য সাঁকো নির্মাণ করেছেন। আপাতত রাস্তাটিতে হাঁটার জন্য বালু ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।’