চলাচলের রাস্তায় বেড়া দেওয়ায় পরিবার অবরুদ্ধ
জমিজমা নিয়ে বিরোধের জের ধরে একটি পরিবারকে ২৩ দিন ধরে অবরোধ করে রাখা হয়েছে। বাড়িতে চলাচলের রাস্তায় দেওয়া হয়েছে কাঁটাজাতীয় গাছের ডাল ও বাঁশের বেড়া। ঘটনাটি নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষ্মণপুর বাড়াইশালপাড়ার।বাড়াইশালপাড়ার অবরুদ্ধ পরিবারের গৃহকর্তা রণজিৎ চন্দ্র রায় (৫৫) অভিযোগ করেন, ‘২০০৪ সাল থেকে প্রতিবেশী কুমোদ চন্দ্র রায় ও তাঁর ভাইয়েরা আমাকে ভিটেছাড়া করতে মরিয়া হয়ে উঠেছেন। তাঁদের দাবি, আমার কাছে নাকি জমির ভাগ (২০ শতক) পাবেন৷ কিন্তু কিসের ভাগ, কোন জমির ভাগ তাঁরা দাবি করছেন, তা আমি কিছুই জানি না।’এ প্রসঙ্গে কুমোদ চন্দ্র রায় বলেন, ‘রণজিৎ চন্দ্র রায় চলাচলের যে রাস্তা ব্যবহার করেন, সেটি আমার জমি। ওই জমির মূল্য পরিশোধ না করলে বেড়া সরানো হবে না।’ তবে কোন জমির ভাগের ব্যাপারে বিরোধ, জানতে চাইলে তিনি পরিষ্কার করে কিছু বলতে পারেননি। এমনিক জমিসংক্রান্ত কোনো কাগজপত্রও তিনি দেখাতে পারেননি।
সৈয়দপুর থানার ওসি সহিদার রহমান জানান, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও রাস্তা কেটে দেওয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল। জমিজমাসংক্রান্ত বিরোধে ওই চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগেও একই ধরনের কাজ করা হয়েছিল।