চলে গেলেন অগ্নিদগ্ধ ট্রাকচালক মুরাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তের আগুনে ঝলসে যাওয়া ট্রাকচালক মুরাদ হোসেন (২০) পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকালে তিনি মারা যান।
হরতাল ও অবরোধের মধ্যে ৭ জানুয়ারি রাতে মুরাদসহ দুজন যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন। ভোর চারটার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। আগুনে মুরাদ গুরুতর দগ্ধ হন। প্রথমে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন সন্ধ্যায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মুরাদের শরীরের ৩২ শতাংশ পুড়ে যায়। গতকাল সকাল সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মুরাদের ভাই আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, মায়ের হাতের ওপরেই মুরাদের মৃত্যু হয়েছে। তিনি জানান, মুরাদ খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক গ্যারেজে রেখে একটি বাসের ভেতরে সহকারী (হেলপার) ইয়াসিনের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। ভোরে দুর্বৃত্তরা ওই বাসে আগুন দেয়। মুরাদের গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া গ্রামে। বাবা তোরাপ মোল্লা।
এদিকে এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।